রাজ্য পুলিশে বড়সড় রদবদল: ৫০টি থানার আইসি পদে নতুন নিয়োগ

রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। রাজ্যের বিভিন্ন পুলিশ জেলা ও কমিশনারেটের ৫০টি থানার ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) পদে নতুন করে নিয়োগের নির্দেশ জারি করা হয়েছে। কলকাতা সংলগ্ন এলাকা থেকে শুরু করে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ থানা এই রদবদলের আওতায় রয়েছে। নির্দেশ পাওয়ার পরই সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত নতুন দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিবর্তনের মাধ্যমে বাগুইহাটি, রানাঘাট, কোচবিহার কোতোয়ালি, বসিরহাট, বালুরঘাট ও ইসলামপুরের মতো গুরুত্বপূর্ণ থানাগুলিতে নতুন আইসি নিয়োগ করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের বাগুইহাটি থানার নতুন আইসি হয়েছেন কাজল বন্দ্যোপাধ্যায়। এছাড়া রানাঘাট থানার দায়িত্ব পেয়েছেন দেবাশিস সরকার, হরিণঘাটা থানার প্রসেনজিৎ দত্ত, কোচবিহার কোতোয়ালি থানার সুখময় চক্রবর্তী এবং ইসলামপুর থানার দায়িত্ব পেয়েছেন সিআইডির প্রসেনজিৎ বিশ্বাস। মিরিকের নতুন আইসি হয়েছেন ভূষণ ছেত্রী এবং বালুরঘাটের দায়িত্ব পেয়েছেন রজত শুভ্র দাস।
প্রশাসনিক এই রদবদলের আওতায় বেশ কয়েকজন আধিকারিককে থানা থেকে সরিয়ে রাজ্য পুলিশের বিশেষ শাখা (এসটিএফ), সিআইডি এবং ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে। অন্যদিকে, এসটিএফ ও সিআইডিতে কর্মরত কয়েকজন ইন্সপেক্টরকে থানার দায়িত্ব দেওয়া হয়েছে। রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরাকে এসটিএফে এবং রায়গঞ্জের আইসি অমিতাভ দাসকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে বদলি করা হয়েছে। এছাড়া আসানসোল দক্ষিণ ও কুলটি থানাতেও নতুন আইসি নিয়োগ করা হয়েছে। রাজ্য পুলিশের এই নির্দেশিকা ইতিমধ্যেই সংশ্লিষ্ট ডিআইজি, আইজি এবং পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
