রাডারে তৃণমূল আমলের সব ইমারত! বিল্ডিং প্ল্যান অডিটে মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া কমিটি – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হওয়া কলকাতার সমস্ত বর্তমান ও নির্মীয়মাণ ইমারতের বিল্ডিং প্ল্যান এবার কড়া আতসকাঁচের তলায়। শহরের সমস্ত বিল্ডিং প্ল্যান পুঙ্খানুপুঙ্খভাবে অডিট করার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
কমিটির নেতৃত্বে কে এবং সদস্য কারা?
অতিরিক্ত মুখ্যসচিব (ACS) রাজেশ পাণ্ডের নেতৃত্বে এই হাই-প্রোফাইল কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে শীর্ষ স্তরের প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি বিশেষজ্ঞদেরও যুক্ত করা হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন—
- চেয়ারম্যান: এসিএস রাজেশ পাণ্ডে
- প্রশাসনিক আধিকারিক: খলিল আহমেদ, রাজেশ কুমার সিনহা, স্মিতা পাণ্ডে এবং রচনা ভগত
- পুলিশ ও নিরাপত্তা: কলকাতার নগরপাল (CP) অজয় নন্দ এবং দমকলের ডিজি
- বিশেষজ্ঞ সদস্য: খড়্গপুর আইআইটি-র (IIT Kharagpur) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক দামোদর মাইতি
কমিটির মূল লক্ষ্য:
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ অনুযায়ী, এই বিশেষ কমিটি মূলত পূর্বতন তৃণমূল সরকারের আমলে অনুমোদিত সমস্ত বিল্ডিং প্ল্যান খতিয়ে দেখবে। এছাড়া, বর্তমানে যে সমস্ত নির্মাণকাজ চলছে, সেগুলির প্ল্যানে কোনও বেআইনি গলদ বা অনিয়ম রয়েছে কি না, তা বিস্তারিতভাবে অডিট করাই হবে এই উচ্চপর্যায়ের কমিটির প্রধান কাজ।
