রাতের অন্ধকারে আলো নিভিয়ে পুরসভার ফাইল পোড়ানোর অভিযোগ! হাতেনাতে গ্রেফতার তৃণমূল পুরপ্রধান – এবেলা

এবেলা ডেস্কঃ
অশোকনগর: রাতের অন্ধকারে, আলো নিভিয়ে পুরসভার একের পর এক গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়িয়ে ফেলার মারাত্মক অভিযোগ! এই ঘটনায় হাতেনাতে গ্রেফতার হলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূলী পুরপ্রধান প্রবোধ সরকার। চাঞ্চল্যকর এই ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে পুরপ্রধান প্রবোধ সরকারের বাড়ির বাগানে হঠাৎ আগুন ও ধোঁয়া জ্বলতে দেখেন প্রতিবেশীরা। আলো নেভানো থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয় স্থানীয় বাসিন্দাদের মনে। উঁকিঝুঁকি মারতেই দেখা যায়, পুরসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন নথিপত্র পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে।
তৎক্ষণাৎ স্থানীয় মানুষজন এবং বিজেপি নেতৃত্ব জড়ো হয়ে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর দেওয়া হয় থানায়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এরপরই সরকারি তথ্য ও নথি লোপাটের গুরুতর অভিযোগে পুলিশ অশোকনগর-কল্যাণগড় পুরসভার পুরপ্রধান প্রবোধ সরকারকে গ্রেফতার করে। ঠিক কী কারণে এবং কোন দুর্নীতির প্রমাণ ঢাকতে রাতের অন্ধকারে এই ফাইল পোড়ানো হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
