রাত জেগে আর নয় স্ক্রলিং! ফেসবুক-ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীদের জন্য মেটার বড় ধাক্কা – এবেলা
August 31, 2026

এবেলা ডেস্কঃ
কিশোর-কিশোরীদের অতিরিক্ত সোশ্যাল মিডিয়া আসক্তি কমাতে এবং মানসিক স্বাস্থ্য রক্ষা করতে এক নজিরবিহীন ও কঠোর সিদ্ধান্ত নিল মার্ক জাকারবার্গের সংস্থা মেটা। তরুণ প্রজন্মের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের নিয়মে বড় ধরনের বদল আনতে চলেছে প্রতিষ্ঠানটি।
নতুন নিয়মে যেসব পরিবর্তন আসছে:
- সময়সীমা: ১৮ বছরের কম বয়সি ব্যবহারকারীরা দিনে সর্বোচ্চ ২ ঘণ্টা ফেসবুক ও ইনস্টাগ্রাম চালাতে পারবে। তবে অভিভাবকেরা ‘পেরেন্টাল কন্ট্রোল’ ব্যবহার করে প্রয়োজনে সময়সীমা কিছুটা বাড়াতে পারবেন।
- নাইট লক: রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত অ্যাপ দুটি আপনা থেকেই লক হয়ে যাবে, ফলে গভীর রাতে স্ক্রল করার সুযোগ থাকবে না।
- স্কুলের সময়ে সাইলেন্ট: পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে সকাল ৮টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সব নোটিফিকেশন বন্ধ বা সাইলেন্ট থাকবে।
- রিমাইন্ডার ও সতর্কবার্তা: টানা ১৫ মিনিট অ্যাপ ব্যবহার করলেই স্ক্রিনে সতর্কবার্তা আসবে। এছাড়া ৬০ ও ৯০ মিনিট পূর্ণ হলে দেওয়া হবে রিমাইন্ডার।
কড়া পদক্ষেপের কারণ:
সোশ্যাল মিডিয়া আসক্তি ও মানসিক ক্ষতি নিয়ে একাধিক মার্কিন রাজ্যে আইনি জটিলতা এবং আদালতের চাপের মুখে পড়েই এই সিদ্ধান্ত মেটার। ক্যালিফোর্নিয়া আদালতে মোটা অঙ্কের জরিমানা ও নতুন নিয়ম মেনে চলার অঙ্গীকার করেছে সংস্থাটি। একইসঙ্গে ভারতের মতো দেশেও শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় সরকার কড়া নজরদারি চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন এই বিধিনিষেধ চালু হলে তরুণদের অনাকাঙ্ক্ষিত ‘স্ক্রিন টাইম’ অনেকটাই কমে আসবে।
