রাত পোহাতেই জোড়া ধাক্কা! এবার মদন মিত্রের বাড়িতে ইডির হানা, ওদিকে অভিষেকের দুয়ারে পুলিশ – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: শনিবার সকাল সকালই বড়সড় শোরগোল পড়ে গেল রাজ্যের রাজনৈতিক মহলে। রাত পোহাতে না পোহাতেই তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্র ধরেই কেন্দ্রীয় এজেন্সির এই অতর্কিত অভিযান বলে জানা গিয়েছে। দক্ষিণেশ্বরে মদনের নিজের বাসভবনের পাশাপাশি তাঁর ভবানীপুরের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।
প্রসঙ্গত, মাত্র কয়েক ঘণ্টা আগেই অর্থাৎ শুক্রবারই মদন মিত্রের বাড়িতে হানা দিয়েছিল রাজ্য পুলিশের সিআইডি (CID)। বিধানসভায় সই জালিয়াতি কাণ্ডের তদন্তে মদনবাবুকে সহযোগিতা করার জন্য নোটিশ দিতে গিয়েছিলেন সিআইডি আধিকারিকরা। সেই রেশ কাটতে না কাটতেই এবার হাজির হলো ইডি। জানা যাচ্ছে, পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় প্রচণ্ড সক্রিয় কেন্দ্রীয় সংস্থাটি। এই মামলাতেই এর আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করা হয়েছে, আর এবার কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে শুরু হলো জোরদার তল্লাশি।
ওদিকে সাতসকালে অভিষেকের বাড়িতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী:
মদন মিত্রের বাড়ির ঘটনার সমান্তরালেই এদিন সকালে চরম উত্তেজনা ছড়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। একদম সকালে সেখানে আচমকাই হাজির হয় শালবনি থানার বিশাল পুলিশ বাহিনী। তাদের সঙ্গে ছিল কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও।
মহিলা পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে পুলিশ দল অভিষেকের বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করে এবং বাড়ির সদস্যদের ডাকাডাকি শুরু করে। তবে ঠিক কী কারণে বা কোন মামলার তদন্তে সকাল সকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ এই তৎপরতা দেখাল, তা এখনও স্পষ্ট করা হয়নি। ছুটির দিনের সকালে দুই প্রভাবশালী তৃণমূল নেতার বাড়িতে এই জোড়া অভিযানে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে।
