রাত ১২টায় বদলে গেল অশোকনগর! ৭৬ মোমবাতিতে মোদির জন্মদিন উদযাপন – এবেলা

এবেলা ডেস্কঃ
September 17, 20262:02 pm
ঘড়ির কাঁটায় ঠিক রাত ১২টা! আতশবাজির রোশনাই আর ৭৬টি মোমবাতির উজ্জ্বল আলোয় রাতারাতি বদলে গেল অশোকনগরের চৌরঙ্গী মোড় এলাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার মধ্যরাতেই এক জমকালো ও অভিনব উদযাপনে মাতলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে রাজনৈতিক কর্মীরা।
অশোকনগর-কল্যাণগড় পুরসভা এলাকায় আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ধুতি-পাঞ্জাবি পরিহিত প্রধানমন্ত্রীর একটি বিশালাকার ছবি। বিজেপি মণ্ডলের নেতৃত্ব, স্থানীয় কর্মী এবং মহিলা মোর্চার সদস্যাদের পাশাপাশি সব বয়সের বহু সাধারণ মানুষ এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে যোগ দেন। ধামাকাদার বাজি ফাটিয়ে ও কেক কেটে পালন করা হয় জন্মদিনের মুহূর্তটি। এরপর উপস্থিত সকলের হাতে উপহার হিসেবে একটি করে কলম এবং মুখ মিষ্টি করার জন্য লজেন্স তুলে দেওয়া হয়।
মহিলা মোর্চা ও আয়োজকদের তরফে জানানো হয়েছে, এই উদযাপনের রেশ থাকবে আগামী কয়েক দিন ধরে। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে অশোকনগরের একাধিক মন্দিরে বিশেষ পুজো ও ভোগ নিবেদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বাঙালি প্রথা মেনে প্রস্তুত করা হবে বিশেষ পায়েস, যা বিতরিত হবে ভক্তদের মধ্যে। অতীতে এলাকায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারের স্মৃতি মনে করেই এদিন রাতভর আবেগে ভাসল অশোকনগর।
