রামধনুর রঙে মোড়া চিংড়িহাটা উড়ালপুলে বাইক দুর্ঘটনা কেন? কী সাফাই দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল? – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর আগে রামধনুর রঙে সেজে উঠেছে কলকাতার একাধিক উড়ালপুল। তবে গড়িয়াহাট থেকে চিংড়িহাটা—এই নতুন সৌন্দর্যায়নের মাঝেই চিংড়িহাটা উড়ালপুলে ঘটে যাওয়া বাইক দুর্ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে। বৃষ্টির মধ্যে দুই মোটরসাইকেল আরোহীর চাকা পিছলে যাওয়ার ঘটনার পর প্রশ্ন ওঠে, তবে কি এই বিশেষ রঙের কারণেই পিছলে যাচ্ছে বাইক? এই পরিস্থিতিতে মুখ খুলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
মন্ত্রী সাফ জানিয়েছেন, রাস্তায় কোনও সাধারণ তেল রঙ ব্যবহার করা হয়নি, বরং সম্পূর্ণ ‘অ্যান্টি-স্কিড কালার’ বা পিছলে না যাওয়ার বিশেষ রঙ দিয়েই উড়ালপুল রাঙানো হয়েছে। তা সত্ত্বেও কেন এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইঞ্জিনিয়ার ও পুলিশ প্রশাসন কাজ করছে। সরকারি অর্থে নয়, সম্পূর্ণ সিএসআর তহবিলের সহায়তায় এই সৌন্দর্যায়ন করা হয়েছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, রঙ বা আলোর কারণে চালকদের সমস্যা হলে প্রশাসনের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
