রামমন্দিরে দান চুরির তদন্তে প্রভাবশালীকে আড়ালের অভিযোগ কংগ্রেসের

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দান করা অর্থ ও সামগ্রী চুরির ঘটনায় দায়ের হওয়া ৭৪ হাজার পাতার চার্জশিট নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অভিযোগ করেছেন, এই তদন্তে প্রকৃত প্রভাবশালী ব্যক্তিদের আড়াল করার চেষ্টা চলছে।
কংগ্রেসের দাবি, রামমন্দির কোটি কোটি মানুষের বিশ্বাসের প্রতীক হওয়ায় সেখানে প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব থাকা প্রয়োজন। বিরোধী দলের অভিযোগ, মন্দির নির্মাণ থেকে শুরু করে অনুদান সংগ্রহ ও প্রণামী গণনার পুরো প্রক্রিয়ার দায়িত্বে থাকা বিজেপি, আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি।
দলের তরফে প্রাক্তন অ্যাকাউন্ট ইনচার্জ মহীপাল সিংয়ের পুরনো অভিযোগের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, ২০২১ সালেই প্রণামী গণনায় অনিয়মের বিষয়টি ট্রাস্টের শীর্ষকর্তা চম্পত রাই ও গোপাল রাওকে জানানো হয়েছিল। কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে মহীপাল সিংকেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এই অনিয়মের দায় মন্দির ট্রাস্টের শীর্ষ নেতৃত্ব এড়াতে পারেন না বলে কংগ্রেস দাবি করেছে।
ভক্তদের আস্থার সঙ্গে কোনো আপস বরদাস্ত করা হবে না জানিয়ে, পুরো ঘটনার সত্যতা উদঘাটনে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস। তদন্তকারী সংস্থার পদক্ষেপ এবং মন্দির ট্রাস্টের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে শাসক দল বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছে বিরোধী শিবির।
