রামলীলার মঞ্চে মমতার মুখে ‘আমার নেত্রী সোনিয়াজি’! রাহুলের সঙ্গে গাড়িতে ওঠা ঘিরে বাড়ছে জল্পনা – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লির রামলীলা ময়দানে বিরোধী শিবিরের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচিতে জাতীয় রাজনীতির এক নতুন সমীকরণের ইঙ্গিত মিলল। এদিন রাহুল গান্ধীর সঙ্গে একই গাড়িতে চেপে অনুষ্ঠানস্থলে পৌঁছান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি প্রকাশ্যে সোনিয়া গান্ধীকে ‘আমার নেত্রী’ এবং মল্লিকার্জুন খাড়গেকে নিজের নেতা হিসেবে সম্বোধন করেন। পাশাপাশি ‘ইয়ং লিডার’ রাহুলের প্রশংসার পাশাপাশি বিজেপি বিরোধী আন্দোলনে বামেদের অবস্থানকেও সাধুবাদ জানান তিনি, যা রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক জল্পনার সৃষ্টি করেছে।
কেন্দ্রীয় পর্যায়ে বিজেপিকে পরাস্ত করতে বিরোধী ঐক্যকে মজবুত করার লক্ষ্যেই তৃণমূল ও কংগ্রেসের এই বাড়তি ঘনিষ্ঠতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সোনিয়া গান্ধীর সঙ্গে দীর্ঘদিনের সুসম্পর্ককে কাজে লাগিয়ে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সঙ্গে তৃণমূল দূরত্ব কমাতে চাইছে কি না, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। রাজ্যে সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের পর মমতার ধারাবাহিক দিল্লি সফর এবং ‘ইন্ডি’ জোটের সক্রিয়তায় রামলীলা ময়দানের এই বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন দেখার, জাতীয় স্তরের এই নয়া সমঝোতা আগামী দিনে রাজ্য ও কেন্দ্রের রাজনীতিতে কী মোড় নেয়।
