রামলীলা ময়দানে সভা-সমাবেশের জন্য নতুন নির্দেশিকা আনছে দিল্লি পুলিশ

দিল্লির রামলীলা ময়দানে সভা, সমাবেশ ও বিক্ষোভ প্রদর্শনের জন্য নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি তৈরির উদ্যোগ নিয়েছে দিল্লি পুলিশ। বর্তমানে এই নির্দেশিকাটি খসড়া পর্যায়ে রয়েছে এবং অনুমোদনের জন্য পুলিশের সদর দফতরে পাঠানো হয়েছে। সদর দফতর থেকে চূড়ান্ত অনুমোদন মিললেই নতুন এই নিয়ম কার্যকর করা হবে।
প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, রামলীলা ময়দানে কোনো কর্মসূচি আয়োজনের আগে আয়োজকদের প্রথমে দিল্লি পুরনিগমের কাছ থেকে অনুমতি নিতে হবে। এরপর কর্মসূচির অন্তত ১০ দিন আগে দিল্লি পুলিশের কাছে আবেদন জমা দিতে হবে। জমায়েতে অংশগ্রহণকারীর সংখ্যা, পার্কিং ব্যবস্থা এবং যান চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা আগেভাগেই পুলিশকে জানাতে হবে। জরুরি পরিষেবার পথ যাতে কোনোভাবেই অবরুদ্ধ না হয়, তা নিশ্চিত করার দায়িত্বও আয়োজকদের ওপরই থাকবে।
নিরাপত্তার খাতিরে ময়দানে আগ্নেয়াস্ত্র, তলোয়ার বা কোনো ধারাল অস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া ড্রোন ওড়ানোর ক্ষেত্রেও আগাম অনুমতি নিতে হবে। পাশাপাশি, আয়োজকদের পানীয় জল, চিকিৎসা ও শৌচাগারের মতো মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠান শেষে ময়দান পরিষ্কার-পরিচ্ছন্ন করার দায়িত্বও তাদের ওপরই বর্তাবে। এই নতুন নিয়ম কার্যকর হলে দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ এই জমায়েতস্থলে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের প্রক্রিয়া আরও কঠোর হবে বলে মনে করা হচ্ছে।
