রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের ভিটো পাওয়ার নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়, কেন প্রবল দুশ্চিন্তায় পাকিস্তান – এবেলা
এবেলা ডেস্কঃ
রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ এবং ভিটো পাওয়ার অর্জনে ভারতের দীর্ঘদিনের লড়াই এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। বর্তমানে বিশ্বের দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতি এবং বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের দাবিকে জোরালো সমর্থন জানিয়েছে ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলো। এমনকি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকাও ভারতের পক্ষে সুর চড়িয়েছে। অন্যদিকে, দীর্ঘকাল বাধা দেওয়ার পর চিনও সম্প্রতি সুর নরম করে ইতিবাচক সংকেত দিয়েছে। আন্তর্জাতিক স্তরে ভারতের এই ক্রমবর্ধমান প্রভাব ও স্থায়ী সদস্যপদের সম্ভাবনা দেখে প্রতিবেশী দেশ পাকিস্তান ও তাদের মিত্ররা চরম অস্বস্তিতে পড়েছে।
ভারতের এই সম্ভাব্য সাফল্যের আশঙ্কায় রাষ্ট্রসংঘের মঞ্চে সরব হয়েছে পাকিস্তান। দেশটির প্রতিনিধি আসিম কার আহমেদ দাবি করেছেন যে, নিরাপত্তা পরিষদে নতুন অন্তর্ভুক্ত দেশগুলোকে যেন কোনোভাবেই ভিটো পাওয়ার দেওয়া না হয়। এছাড়া সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের সাম্প্রতিক অবস্থানের বিরুদ্ধেও আন্তর্জাতিক স্তরে সরব হয়েছে ইসলামাবাদ। ভারতের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বর্তমান নিরাপত্তা পরিষদের কাঠামোয় পরিবর্তন এনে ভারতের মতো দেশকে ভিটো পাওয়ার দেওয়া এখন সময়ের দাবি। বর্তমানে ভারতের এই ভিটো পাওয়ার অর্জনের বিষয়টি আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে এক বড় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।

