রাস্তা কাঁপিয়েও ব্যালটে ভাঁটা! প্রিয়াঙ্কা-রাহুলের রাজপথের লড়াইয়ের পরও উপনির্বাচনে শূন্য কংগ্রেস – এবেলা

রাস্তা কাঁপিয়েও ব্যালটে ভাঁটা! প্রিয়াঙ্কা-রাহুলের রাজপথের লড়াইয়ের পরও উপনির্বাচনে শূন্য কংগ্রেস – এবেলা

এবেলা ডেস্কঃ

২০২২ সালে কন্যাকুমারী থেকে শুরু হওয়া রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের পালে জোর হাওয়া দিয়েছিল। ৫২ থেকে লাফিয়ে ৯৯টি আসনে পৌঁছায় দল। সভাপতি মল্লিকার্জুন খাড়্গের নয়া কৌশল, সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর আক্রমণাত্মক অবস্থান এবং সম্প্রতি শিক্ষাক্ষেত্রে সংরক্ষণ নীতি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে জেন জ়ি (Gen Z) আন্দোলনে কংগ্রেসের প্রত্যক্ষ উপস্থিতি—মনে করা হচ্ছিল দল তার হারানো জমি ফিরে পাচ্ছে। কিন্তু সাম্প্রতিক উপনির্বাচনগুলোর ফলাফল কিন্তু অন্য কথা বলছে। জাতীয় স্তরের এই রাজনৈতিক উন্মাদনা ভোটবাক্সে রূপান্তরে সম্পূর্ণ ব্যর্থ।

২০২৬-এর উপনির্বাচনে আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এবং পুদুচেরিতে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস। এর মধ্যে তামিলনাড়ু ও পুদুচেরিতে দল প্রার্থীই দেয়নি। পূর্ববর্তী উপনির্বাচনগুলোর দিকে তাকালেও একই ছবি স্পষ্ট—২০২৪-এ হিমাচল প্রদেশ এবং ২০২৫-এ রাজস্থান, তেলঙ্গানা ও কেরালা থেকে হাতে গোনা কয়েকটি জয় বাদ দিলে জয়ের মুখ দেখেনি হাত শিবির।

রাজ্যভিত্তিক ফলাফলের চিত্র:

  • পশ্চিমবঙ্গ: নন্দীগ্রাম ও রেজিনগরে ভরাডুবি হয়েছে কংগ্রেসের। নন্দীগ্রামে প্রার্থী প্রত্যাহার, গ্রেপ্তার ও সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াইয়ের পর চর্চায় থাকা কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ৪১,৬৭৪টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে শেষ করলেও পরাজয়ের ব্যবধান ছিল বিশাল—১ লক্ষ ২২ হাজার ৭৫৩টি ভোট। অন্যদিকে রেজিনগর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী আব্দুল্লাহিল কাফি মাত্র ৬,১৪৬টি ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
  • আসাম: সবচেয়ে বড় ধাক্কা এসেছে আসামে। ২০১৯ সাল থেকে কংগ্রেসের দখলে থাকা নওগাঁ লোকসভা আসনের উপনির্বাচনে দল সোজা তৃতীয় স্থানে নেমে গেছে। কংগ্রেস প্রার্থী শিবামণি বোরা পেয়েছেন মাত্র ১৮,০৭৫টি ভোট (৯.১৩%)।

প্রশাসনের কারচুপি না সাংগঠনিক ব্যর্থতা?

ভোটের ফলপ্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর অভিযোগ, “বিজেপির জয়ের এই অস্বাভাবিক ব্যবধানই প্রমাণ করে ভোট স্বাভাবিক হয়নি। এটি আসলে প্রশাসনিক কারচুপি, ছাপ্পা ভোট এবং ভোট লুটের ফল।” একই সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব দেশের স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছে।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জাতীয় স্তরে বড় বড় ইস্যুতে রাহুল-প্রিয়াঙ্কাদের দৃশ্যমানতা থাকলেও, রাজ্য ও স্থানীয় স্তরে কংগ্রেসের চরম সাংগঠনিক দুর্বলতাই বারবার নির্বাচনে হারের প্রধান অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *