রাস্তা যেন চাষের মাঠ! চিকিৎসার অভাবে ৬ মাসের শিশুর মৃত্যুতে পথ অবরোধে গর্জে উঠল গ্রাম – এবেলা

রাস্তা যেন চাষের মাঠ! চিকিৎসার অভাবে ৬ মাসের শিশুর মৃত্যুতে পথ অবরোধে গর্জে উঠল গ্রাম – এবেলা

এবেলা ডেস্কঃ

বুদবুদ: বেহাল ও কর্দমাক্ত রাস্তার কারণে বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারল না অ্যাম্বুল্যান্স। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় কোলেই মৃত্যু হলো ছ’মাসের এক শিশুপুত্রের। বুধবার রাতে বুদবুদ থানার রণডিহা অঞ্চলের চাকতেঁতুল গ্রামের বাউড়িপাড়ায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন তারা। মৃত শিশুর মাসি মাধবী বাউড়ি জানান, রাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুল্যান্সে খবর দেওয়া হয়। কিন্তু বাউড়িপাড়ার প্রায় ৪০০ ফুট রাস্তা অত্যন্ত কাদা ও বেহাল হওয়ায় অ্যাম্বুল্যান্সটি ঢুকতেই পারেনি। বাধ্য হয়ে শিশুটিকে কোলে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলে পথেই তার মৃত্যু হয়।

গ্রামবাসীদের অভিযোগ, রাস্তাটি কাঁচা হওয়ার পাশাপাশি এক প্রভাবশালী ব্যক্তি মন্দির তৈরির জন্য রাস্তায় মাটি ফেলার কারণে তা বৃষ্টিতে কাদায় রূপ নেয়। তার ওপর রাতে বালি বোঝাই ট্র্যাক্টর চলাচলের ফলে রাস্তাটি কার্যত চাষের মাঠে পরিণত হয়েছে।

দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে তা তুলে নেওয়া হয়। স্থানীয় বিধায়ক রাজু পাত্র জানান, বাউড়িপাড়া ও সংলগ্ন গোপমহল গ্রামের বেহাল রাস্তা মেরামতের প্রস্তাব ইতিমধ্যেই জেলা পরিষদে পাঠানো হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *