রূপো জিতেও মিলল না সম্মান! AI-বিকৃত ছবি ও ট্রোলিংয়ের শিকার বিশ্বজয়ী কেয়া – এবেলা

এবেলা ডেস্কঃ
বিশ্বমঞ্চে ভারতের নাম উজ্জ্বল করার পরও সাইবার অপরাধীদের কুরুচিকর আক্রমণের মুখে পড়লেন ২১ বছর বয়সী ভারোত্তোলক কেয়া বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দক্ষিণ আফ্রিকার সান সিটিতে আয়োজিত ‘আইপিএফ সাব-জুনিয়র ও জুনিয়র ওয়ার্ল্ড পাওয়ারলিফটিং ২০২৬’-এ রূপোর পদক জিতে ইতিহাস গড়েছেন এই বঙ্গকন্যা। কিন্তু বিশ্বজয়ের সাফল্য উদযাপনের মাঝেই অনলাইনে তীব্র কটূক্তি, ট্রোলিং এবং এআই (AI) প্রযুক্তির মাধ্যমে তৈরি বিকৃত ছবির শিকার হতে হচ্ছে তাঁকে।
৪৭ কেজি জুনিয়র বিভাগে বিশ্বমানের প্রতিযোগীদের হারিয়ে এই ঐতিহাসিক মেডেল ছিনিয়ে নেন কেয়া। মাত্র ৪৫.৭০ কেজি ওজনের এই অ্যাথলিট নিজের শরীরের ওজনের প্রায় তিন গুণেরও বেশি— ১৪০ কেজি ডেডলিফ্ট তুলে তাক লাগিয়ে দেন। প্রতিযোগিতায় ৯০ কেজি স্কোয়াট এবং ৫০ কেজি বেঞ্চ প্রেসসহ মোট ২৮০ কেজি ওজন তুলে দেশের জন্য গৌরবের মুহূর্ত এনে দেন তিনি।
তবে এই আন্তর্জাতিক সাফল্যের পর অভিনন্দনের বদলে তাঁর কপালে জুটছে গভীর মানসিক যন্ত্রণা। হেনস্থার মাত্রা এতটাই বেড়ে যায় যে বাধ্য হয়ে নিজের নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরব হয়েছেন কেয়া। তিনি জানান, সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়মিত যৌন হেনস্থা করা হচ্ছে, খোলা হয়েছে একাধিক ভুয়ো প্রোফাইল এবং তাঁর জাত-পাত ও বংশপরিচয় নিয়ে করা হচ্ছে কুরুচিকর মন্তব্য।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর অপব্যবহার। কেয়ার ছবি ও মুখ বিকৃত করে হাজার হাজার অশালীন ছবি বানিয়ে নেটপাড়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। নিজের প্রাইভেসির এই চরম লঙ্ঘনে আতঙ্ক প্রকাশ করে কেয়া জানান, আগের প্রাইভেট অ্যাকাউন্টটি স্থগিত হয়ে যাওয়ার পর বাধ্য হয়েই তিনি এই নতুন পাবলিক অ্যাকাউন্ট তৈরি করেছেন, যাতে এই মানসিক নির্যাতনের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ জানাতে পারেন।
আন্তর্জাতিক স্তরে দেশের হয়ে পদক জয়ী এক তরুণী অ্যাথলিটকে জাতীয় বীরের সম্মান দেওয়ার বদলে এই ধরনের সাইবার নির্যাতন ক্রীড়াজগৎ তো বটেই, সাধারণ ডিজিটাল নিরাপত্তাকো নিয়েও বড়সড় প্রশ্ন তুলে দিল।
