রেজিনগরে গেরুয়া ঝড়: ৭০% মুসলিম অধ্যুষিত কেন্দ্রে ইতিহাস গড়ে বিপুল জয়ের মুখে বিজেপি! – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘিরে রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিয়েছে। নন্দীগ্রামের পাশাপাশি প্রায় ৭০ শতাংশ সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগর কেন্দ্রেও বিপুল সমর্থনে রেকর্ড জয়ের পথে শাসকদল বিজেপি। গণনার শুরু থেকেই রেজিনগরের ট্রেন্ড ছিল বিজেপি প্রার্থী শাখারভ সরকারের পক্ষে। দুপুর ১টা পর্যন্ত ১২ রাউন্ড গণনা শেষে তিনি ৭০,২৫০ ভোটের বিশাল ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে যান। যেখানে দ্বিতীয় স্থানে রয়েছে আম জনতা উন্নয়ন পার্টি (AJUP) এবং পরবর্তী স্থানগুলোতে কংগ্রেস, সিপিআইএম ও মমতা তৃণমূল। ১৫ রাউন্ডের এই গণনায় বিরোধীদের পেছনে ফেলে গেরুয়া শিবিরের এই অভাবনীয় সাফল্য রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
এই কেন্দ্রে পূর্বে জয়ী আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। হুমায়ুন কবীর নিজের ছেলেকে প্রার্থী করলেও ভোটের ফল প্রকাশের আগেই তিনি পরাজয় মেনে নিয়েছেন। তবে বিজেপি প্রার্থীর এই বিপুল জয়কে বিরোধী শিবির এবং কংগ্রেস ‘ভোট লুট’ ও অস্বচ্ছতার ফলাফল বলে অভিযোগ করেছে। অন্যদিকে, বিপুল জয়ের ইঙ্গিত পেয়ে বিজয়ী মনোভাব প্রকাশ করে শাখারভ সরকার জানান, এলাকার মানুষ অত্যন্ত বুদ্ধিমান সিদ্ধান্ত নিয়েছেন। সব মিলিয়ে, সংখ্যালঘু অধ্যুষিত আসনে বিজেপির এই রেকর্ড জয় রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে।
