রেলওয়ে গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল ও জোনভিত্তিক কাট-অফ তালিকা প্রকাশিত

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের গ্রুপ-ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। রেলের তরফে প্রতিটি জোনের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি এবং এসটি ক্যাটাগরি অনুযায়ী জোনভিত্তিক কাট-অফ নম্বর ঘোষণা করা হয়েছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, বিভিন্ন জোনের কাট-অফের মধ্যে বড় ধরনের তারতম্য লক্ষ্য করা গেছে। অধিকাংশ জোনেই সাধারণ এবং ওবিসি ক্যাটাগরির কাট-অফের ব্যবধান এক নম্বরেরও কম।
কলকাতা জোনে সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮৪.১৬৭৯৪, যা দেশের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কলকাতায় ওবিসি ৮০.৯৯৮৫৯, ইডব্লিউএস ৭৪.০২, এসসি ৭৭.৪৪ এবং এসটি ৬৬.৫৯ নম্বর কাট-অফ রেকর্ড করা হয়েছে। পাটনা জোনে সাধারণ ক্যাটাগরির কাট-অফ ৮২.৫১৩৩৩ এবং ওবিসি-র কাট-অফ ৮২.৫১১৩৫ ছিল। গোরক্ষপুর জোনে সাধারণ ও ওবিসি কাট-অফ যথাক্রমে ৮১.৪৬ এবং ৮০.৯২ নম্বর।
চেন্নাই আরআরবি-তে এক ব্যতিক্রমী চিত্র দেখা গেছে, যেখানে ওবিসি ক্যাটাগরির কাট-অফ ৮২.৭৯১৬৮, যা সাধারণ ক্যাটাগরির ৮০.৭৫৬০১ নম্বরের চেয়ে বেশি। এছাড়া রাঁচি ৮০.৫১৯৪৪, চণ্ডীগড় ৮০.২৫০৭০, ভোপাল ৭৯.৮১৫৮১, বেঙ্গালুরু ৭৯.২৯৩৫২, বিলাসপুর ৭৮.৮৯৪৫৮, ভুবনেশ্বর ৭৮.০৬৯৪৬, প্রয়াগরাজ ৭৭.৬৯১৫২, মুম্বই ৭৭.৬৫৭১০ এবং আমদাবাদ জোনে ৭৭.২৮৮২৭ কাট-অফ নির্ধারিত হয়েছে। আজমেঢ় জোনে সাধারণের কাট-অফ ৮০.৬৮২২০ থাকলেও সেখানে ওবিসি ক্যাটাগরির কোনো শূন্যপদ ছিল না।
বেশিরভাগ জোনেই ইডব্লিউএস ক্যাটাগরির কাট-অফ সাধারণ ও ওবিসি ক্যাটাগরির তুলনায় কিছুটা কম রয়েছে। সফল প্রার্থীরা সংশ্লিষ্ট আঞ্চলিক বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের ফলাফল ও জোনভিত্তিক কাট-অফ বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন।
