রোহিতের বাড়ি লক্ষ্য করে গুলি, আন্ডারওয়ার্ল্ডে রাজ করার ভয়ংকর ছক ফাঁস!

বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বাইয়ের বাসভবনে গত ১ ফেব্রুয়ারি ঘটা গুলিবর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ কুমার ওরফে ‘গাঠ’-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স এবং মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখার যৌথ অভিযানে আগ্রার বাহ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, কুখ্যাত শুভম লোনকর গ্যাংয়ের নির্দেশে বলিউড ইন্ডাস্ট্রিতে ত্রাস সৃষ্টি ও তোলাবাজির লক্ষ্যেই এই হামলার পরিকল্পনা করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্যাংটির প্ররোচনায় প্রলুব্ধ হয়েই প্রদীপ এই অপরাধে জড়িয়ে পড়ে।
এই ঘটনার পর মুম্বাই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন এবং কঠোর ‘মকোকা’ আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত এই মামলায় প্রদীপসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই হামলা বলিউডের সুরক্ষা ব্যবস্থা এবং আন্ডারওয়ার্লডের সক্রিয়তা নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি করেছে। এদিকে, এই পরিস্থিতির মধ্যেও রোহিত শেট্টি তাঁর আসন্ন ছবি ‘গোলমাল ৫’-এর শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং পেশাদার কাজের বিষয়ে তিনি অবিচল রয়েছেন বলে জানিয়েছেন।
