র্যাগিং থেকে মল-কাণ্ড! অ্যাক্রোপলিসে তরুণী হেনস্থায় ফের কাঠগড়ায় স্বপ্নদীপ-কাণ্ডে অভিযুক্তরা – এবেলা

এবেলা ডেস্কঃ
September 23, 20263:10 pm
দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস মলের একটি সিনেমাহলে তরুণীকে শ্লীলতাহানি, অশালীন মন্তব্য এবং মারধরের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করল কসবা থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অশালীন আচরণ, নিগ্রহ ও হুমকির একাধিক ধারায় মামলা রুজু করে আদালতে পেশ করা হয়।
ঘটনার বিবরণ অনুযায়ী, সিনেমা দেখার সময় এক তরুণী ও তাঁর সঙ্গীদের লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকে অভিযুক্তরা। প্রতিবাদ করায় ভুক্তভোগী দম্পতি ও তরুণীদের ওপর চড়াও হয়ে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে ধৃতরা সাধারণ মানুষ ও কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গেও চরম দুর্ব্যবহার করে বলে অভিযোগ।
উঠে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যোগসূত্র
ধৃতদের মধ্যে সৃজন সরদার ও অরিন্দম ঘোষের নাম প্রকাশ্যে আসতেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, পুলিশি পদক্ষেপের সময় নিজেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে ভীতি প্রদর্শন করতে থাকে সৃজন। ক্যাম্পাসের শিক্ষার্থীদের একাংশের দাবি, সৃজনের বিরুদ্ধে অতীতেও একাধিকবার র্যাগিং ও সহপাঠীদের মারধরের লিখিত অভিযোগ জমা পড়েছিল তৎকালীন উপাচার্যের কাছে। ২০২৫ সালের ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৃজন ও অরিন্দমকে বরখাস্ত (Suspend) করে তদন্ত কমিটি গঠন করলেও, সেই কমিটি শেষ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।
অন্যদিকে, ধৃত অরিন্দম ঘোষের নাম জড়িয়েছিল যাদবপুর হস্টেলে বহুল আলোচিত স্বপ্নদীপ খুনের ঘটনায়। দীর্ঘদিন ধরে হস্টেলে নতুন ছাত্রদের ওপর র্যাগিং চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অতীত অপরাধের কঠোর সাজা না হওয়াতেই এরা আবার বেপরোয়া হয়ে উঠছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। কসবা থানার পুলিশের হাতে গ্রেফতার হলেও সৃজন ও অরিন্দম দু’জনেই বর্তমানে জামিনে মুক্ত।
