র‌্যাপিডো পিঙ্ক রাইড বুক করতেই বিভীষিকা! বেঙ্গালুরুতে মহিলা যাত্রীর হাত ধরে টানাটানির অভিযোগ চালকের বিরুদ্ধে – এবেলা

র‌্যাপিডো পিঙ্ক রাইড বুক করতেই বিভীষিকা! বেঙ্গালুরুতে মহিলা যাত্রীর হাত ধরে টানাটানির অভিযোগ চালকের বিরুদ্ধে – এবেলা

এবেলা ডেস্কঃ

বেঙ্গালুরুতে মহিলাদের সুরক্ষার জন্য বিশেষভাবে পরিচিত র‌্যাপিডো পিঙ্ক রাইড বুক করে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হলেন এক মহিলা। বৃষ্টিভেজা রাতে অ্যাপ বাইকে বাড়ি ফেরার সময় চালক সইদ তৌসিফের অতিরিক্ত বন্ধুভাবাপন্ন আচরণ এবং অস্বাভাবিক গতিবিধি দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি। রাইড বাতিল করতে চাইলে চালক বারবার অনুরোধ করায় শেষ পর্যন্ত বাইকে ওঠেন ওই মহিলা। গন্তব্যে পৌঁছানোর পর ভাড়া মিটিয়ে হেলমেট ফেরত দেওয়ার সময় চালক জোর করে তাঁর হাত ধরে থাকেন এবং দীর্ঘক্ষণ আবাসনের গেটের বাইরে দাঁড়িয়ে নজরদারি চালান বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর সোশাল মিডিয়ায় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করে অনলাইন বাইক সংস্থার দ্বারস্থ হন আতঙ্কিত ওই মহিলা। পাশাপাশি নারীসুরক্ষার জোরালো দাবি জানিয়ে বেঙ্গালুরু থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি। যাত্রীর করা এই অভিযোগের ভিত্তিতে তৎপর হয়েছে অ্যাপ বাইক সংস্থাও। অভিযুক্ত চালককে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে বিস্তারিত তদন্ত শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *