‘লক্ষ্মীর ভাণ্ডার অভ্যাস খারাপ করেছে’: অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ নিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ – এবেলা

এবেলা ডেস্কঃ
অন্নপূর্ণা যোজনার প্রতিশ্রুত ৩,০০০ টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যজুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। প্রশাসনের আশ্বাস অনুযায়ী ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা থাকলেও, বাস্তবে তা না মেলায় বিভিন্ন স্থানে পথঅবরোধ ও প্রতিবাদ দেখা যাচ্ছে।
শনিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে এই ইস্যুতে মুখ খোলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী ও মেদিনীপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, অন্নপূর্ণার মতো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের প্রকল্প সবার জন্য নয়; এর নির্দিষ্ট যোগ্যতা বা ‘ক্রাইটেরিয়া’ রয়েছে। তৃণমূলের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ দেওয়াকে কটাক্ষ করে তিনি বলেন, “দানধ্যান সবাইকে দেওয়া হবে—এই অভ্যাস খারাপ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। সব সুবিধা সবার জন্য হতে পারে না।”
অন্যদিকে, শুক্রবার মেদিনীপুরে গিয়ে একই প্রসঙ্গে স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি উপভোক্তাদের এসডিও অফিসে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেন এবং প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কিছুটা সময় লাগবে বলে জানান। তবে এই প্রশাসনিক বিলম্বের পেছনে তৃণমূলের চক্রান্তের অভিযোগ তুলে অগ্নিমিত্রা দাবি করেন, প্রশাসনের ভিতরে থাকা তৃণমূল সমর্থিত কর্মীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে যোগ্যদের বাদ দিয়ে অযোগ্যদের নাম তালিকাভুক্ত করছেন, যার ফলে অসন্তোষ তৈরি হচ্ছে। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন বলেও আশ্বাস দিয়েছেন।
