লাখ লাখ টাকার সরকারি প্রজেক্টে চরম অবহেলা, বহরমপুরে পুরসভার উদাসীনতায় নষ্ট হচ্ছে কোটি টাকার এলইডি ডিসপ্লে – এবেলা

লাখ লাখ টাকার সরকারি প্রজেক্টে চরম অবহেলা, বহরমপুরে পুরসভার উদাসীনতায় নষ্ট হচ্ছে কোটি টাকার এলইডি ডিসপ্লে – এবেলা

এবেলা ডেস্কঃ

বহরমপুর শহরের সৌন্দর্যায়ন ও বাণিজ্যিক বিজ্ঞাপনের মাধ্যমে পুরসভার নিজস্ব আয় বাড়াতে কয়েক বছর আগে গুরুত্বপূর্ণ মোড়গুলিতে লক্ষাধিক টাকা ব্যয়ে স্বয়ংক্রিয় এলইডি ডিসপ্লে বোর্ড বসানো হয়েছিল। শুরুতে এই উদ্যোগ ব্যাপক প্রশংসা পেলেও বর্তমানে পুরসভার চরম নজরদারির অভাব ও উদাসীনতায় কোটি টাকার এই সরকারি সম্পত্তি ধুলো এবং আগাছায় নষ্ট হচ্ছে। শহরের জলট্যাংক মোড়সহ একাধিক জায়গায় এই বোর্ডগুলি এখন অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে নতুন চুক্তি বা পুনর্নবীকরণ না হওয়ায় পুরসভার মোটা অঙ্কের উপার্জন বন্ধ হওয়ার পাশাপাশি বড়সড় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।

রাজ্যে পুরসভার পালাবদলের পর থেকেই প্রশাসনিক ডামাডোলের কারণে এই অচলাবস্থা তৈরি হয়েছে বলে স্থানীয় মহলের অভিযোগ। সাধারণ নাগরিকরা অপরিকল্পিতভাবে সরকারি তহবিলের অর্থ অপচয় এবং টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলছেন। শহরের বাসিন্দাদের মতে, রক্ষণাবেক্ষণের অভাবে বিপুল ব্যয়ে নির্মিত এই পরিকাঠামো এখন অস্তিত্বের লড়াই করছে। এই বিষয়ে বহরমপুর পুর প্রশাসক তথা সদর মহকুমা শাসক সমীরণ বারিক জানিয়েছেন, তিনি সদ্য প্রশাসকের দায়িত্ব নিয়েছেন এবং বিষয়টি তাঁর জানা ছিল না। তবে পুরো বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *