লাল টুকটুকে মাংসের ঝোলে ঘাতক রং! নিয়ম ভাঙলেই ধাবা-রেস্তরাঁয় কড়া জরিমানার হুশিয়ারি – এবেলা

এবেলা ডেস্কঃ
খাবারকে লোভনীয় করতে আর দেদার মেশানো যাবে না ক্ষতিকর রাসায়নিক রং। আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন রেস্তরাঁ ও ধাবায় খাবারে কৃত্রিম রং ব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রাজ্য খাদ্যদপ্তর। শুক্রবার আসানসোলের ভগৎ সিং মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একাধিক খাবারের দোকানে আচমকা অভিযান চালান খাদ্যদপ্তরের চার আধিকারিক। রান্নাঘরে তল্লাশি চালিয়ে খাবারের মান যাচাই করার সময় একাধিক জায়গায় যথেচ্ছ রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ মেলে। এর পরই তৎক্ষণাৎ সেই সমস্ত খাবার নষ্ট করে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়।
আসন্ন দুর্গাপুজোর কথা মাথায় রেখেই জনস্বাস্থ্য সুরক্ষায় এই আগাম সতর্কতা জারি করেছে প্রশাসন। পুজোমণ্ডপ ঘোরার সময় বাইরের খাবার খাওয়ার প্রবণতা বাড়ে সাধারণ মানুষের। অতিরিক্ত রং মিশ্রিত অস্বাস্থ্যকর খাবার খেয়ে যাতে কোনও বিপত্তি না ঘটে, সেদিকে কড়া নজর রাখছে দপ্তর। প্রশাসনের স্পষ্ট নির্দেশ, ভবিষ্যতে খাবারে রং মেশানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রেস্তরাঁ বা দোকানকে গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা। একই সঙ্গে খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।
