লোকসভায় আসন বেড়ে ৮১৬ হতে পারে, পশ্চিমবঙ্গে ৬৩!

কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ কার্যকর করার জন্য একটি সংবিধান সংশোধনী বিল অনুমোদন করেছে। এই প্রস্তাব অনুযায়ী, দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের লোকসভা আসন ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
যদি এই প্রক্রিয়া সফল হয়, তবে ২০২৯ সালের লোকসভা নির্বাচন নতুন আসন বিন্যাসে অনুষ্ঠিত হতে পারে। এর মূল লক্ষ্য হলো মহিলা সংরক্ষণ কার্যকর করা এবং বর্তমান সাংসদদের আসন সংখ্যা অপরিবর্তিত রেখে নতুন বিন্যাস তৈরি করা।
প্রস্তাবিত হিসাব অনুযায়ী, উত্তরপ্রদেশে লোকসভা আসন ৮০ থেকে বেড়ে ১২০, মহারাষ্ট্রে ৪৮ থেকে ৭২, বিহারে ৪০ থেকে ৬০ এবং পশ্চিমবঙ্গে ৪২ থেকে ৬৩টি হতে পারে। তামিলনাড়ুর আসন সংখ্যা ৩৯ থেকে বেড়ে ৫৯ হওয়ার সম্ভাবনা রয়েছে। ছোট রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতেও আসন বৃদ্ধির পরিকল্পনা আছে।
সব মিলিয়ে লোকসভার মোট সদস্য সংখ্যা ৮১৬ থেকে ৮২৪-এর মধ্যে হতে পারে। একই সঙ্গে রাজ্য বিধানসভাগুলোর আসন সংখ্যাও ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সংসদের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ ভোটে বিলটি পাশ করানো কেন্দ্রের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়া, সংবিধান অনুযায়ী অন্তত অর্ধেক রাজ্যের অনুমোদনও প্রয়োজন হতে পারে। এর আগে একই ধরনের বিল বিরোধীদের বাধার মুখে পড়েছিল। সংসদের বিশেষ অধিবেশনে এই প্রস্তাবের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
