শনি-রবিবারও আসতে হবে অফিসে! কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশিকা স্বাস্থ্য দফতরের – এবেলা

এবেলা ডেস্কঃ
শনি-রবিবার হোক বা অন্য কোনও সরকারি ছুটি, স্বাস্থ্য দফতরের অফিস আর পুরোপুরি ফাঁকা রাখা যাবে না। প্রশাসনিক কাজকর্ম নির্বিঘ্নে ও সচল রাখতে এবার পালা করে ছুটির দিনেও কর্মীদের হাজিরা দেওয়ার কড়া নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।
কী বলা হয়েছে স্বাস্থ্য ভবনের নির্দেশিকায়?
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের প্রধান সচিবের সই করা এই নয়া নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কাজের প্রয়োজনে সংশ্লিষ্ট ডিরেক্টরেট বা ব্রাঞ্চের নির্দেশ মেনে আধিকারিকদের ছুটির দিনেও অফিসে আসতে হবে।
- রস্টার জমা দেওয়া বাধ্যতামূলক: ছুটির দিন কতজন কর্মী অফিসে উপস্থিত থাকবেন, তার একটি তালিকা আগের দিন বিকেল ৪টের মধ্যে জি-এ শাখায় জমা দিতে হবে সংশ্লিষ্ট শাখার প্রধানকে।
- চালকদেরও ডিউটি: শুধু আধিকারিকরাই নন, প্রয়োজনে দফতরের গাড়ির চালকদেরও এই ছুটির দিনের ডিউটির আওতায় আনা হবে।
- আপ্যায়নের ব্যবস্থা: ছুটির দিনে যে আধিকারিক ও কর্মীরা অফিসে ডিউটি করবেন, তাঁদের জন্য প্রয়োজনীয় আপ্যায়নের ব্যবস্থা অফিসেই থাকবে। এই খরচ বহন করবে পশ্চিমবঙ্গ স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তহবিল।
ইতিমধ্যেই এই নির্দেশিকা দফতরের সমস্ত আধিকারিক ও প্রশাসনিক শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
নতুন করে শোরগোল
দিনকয়েক আগেই স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে, সরকারি হাসপাতালের অধ্যাপক-চিকিৎসকদের সপ্তাহে ৯৬ ঘণ্টা ডিউটি করতে হবে। তাঁর এই মন্তব্যের জেরে চিকিৎসক মহলে প্রবল বিতর্ক তৈরি হয়। পরে অবশ্য সুর নরম করে মন্ত্রী জানান, এটি নির্দেশ নয়, কেবলই অনুরোধ। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার খোদ স্বাস্থ্য ভবনের কর্মীদের ছুটির দিনে অফিসে হাজিরার এই কড়া নির্দেশিকা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
