শর্তসাপেক্ষ জামিনে মুক্ত সিজেপি প্রধান অভিজিৎ দীপকে! সই করলেন কোন বন্ডে? – এবেলা

শর্তসাপেক্ষ জামিনে মুক্ত সিজেপি প্রধান অভিজিৎ দীপকে! সই করলেন কোন বন্ডে? – এবেলা

এবেলা ডেস্কঃ

শর্তসাপেক্ষ জামিনে মুক্তি পেলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। গত শুক্রবার দিল্লি পুলিশ তাঁর বাড়ির কাছ থেকে তাঁকে আটক করে। শনিবার বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে ‘পিস বন্ডে’ সই করিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর বিরুদ্ধে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লহরাও দো তিরঙ্গা’ প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। তবে দিল্লির মধ্যাঞ্চলে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি থাকায় শান্তিভঙ্গের আশঙ্কায় ১২৬ ও ১৭০ ধারায় তাঁর বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া হয়। এর আগে গত ১০ অক্টোবর দিল্লি বিমানবন্দর থেকেও তাঁকে আটক করা হয়েছিল।

অন্যদিকে, সিজেপির আইনি বিভাগের প্রধান রত্না সিংহ এই আটক প্রক্রিয়াকে বেআইনি আখ্যা দিয়ে আইনজীবীদের সাথে দেখা করতে না দেওয়ার অভিযোগ তোলেন। একই দিনে আটক হওয়া সর্বভারতীয় ছাত্র সংগঠন ‘আইসা’-র সভানেত্রী নেহা বোরাকেও শনিবার ভোরে ছেড়ে দেওয়া হয়। নেহা ভোটার তালিকার সংশোধন বন্ধ ও মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানিয়ে পুলিশের পদক্ষেপের সমালোচনা করেন। দিল্লি পুলিশ জানিয়েছে, সেন্ট্রাল পার্ক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছিল এবং প্রায় ১৫০ জনকে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি এফআইআরও দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *