‘শারদোৎসব’ নয়, স্টলে লিখতে হবে ‘দুর্গাপুজো’! মুখ্যমন্ত্রীর নির্দেশ নিয়ে মাথা ঘামাচ্ছে না সিপিএম – এবেলা
এবেলা ডেস্কঃ
September 13, 202612:35 pm
পুরুলিয়া: ‘শারদোৎসব’ নয়, উৎসবের মরশুমে বইয়ের স্টল দিতে গেলে ব্যানারে স্পষ্টভাবে লিখতে হবে ‘দুর্গাপুজো’— তবেই মিলবে স্টল দেওয়ার অনুমতি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই নতুন নির্দেশিকা ঘিরেই এবার পুরুলিয়ায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে মুখ্যমন্ত্রীর এই ফতোয়া নিয়ে এখনই বিশেষ মাথা ঘামাতে নারাজ পুরুলিয়া জেলা সিপিএম নেতৃত্ব। বরং তাঁরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ যাই হোক না কেন, আগের মতো এবারও পুজোয় মার্কসবাদী সাহিত্যের স্টল দেওয়া হবে এবং তা গতবারের চেয়ে সংখ্যায় বাড়বে।
সিপিএমের পরিকল্পনা ও পালটা তোপ ক্ষমতায় না থাকলেও দুর্গাপুজোয় পুরুলিয়ার নানা প্রান্তে বইয়ের স্টল দেওয়া সিপিএমের দীর্ঘদিনের ঐতিহ্য। দলীয় মতাদর্শের পাশাপাশি মুক্তচিন্তার বই, প্রবন্ধ সংকলন ও মনীষীদের জীবনীও থাকে এই স্টলগুলিতে। মুখ্যমন্ত্রীর নতুন নির্দেশিকার প্রসঙ্গে পুরুলিয়া জেলা সিপিএম সম্পাদক প্রদীপ রায় জানান, স্টলে ঠিক কোথায় ‘দুর্গাপুজো’ শব্দটি লিখতে হবে, তা এখনও স্পষ্ট নয়। তাই এখনই এই নিয়ে আগেভাগে মাথা ঘামানোর কোনও প্রয়োজন নেই। তিনি বলেন, “গতবার আমাদের ৭টি স্টল ছিল, এবার সেই সংখ্যা আরও বাড়বে। স্টলে কী লেখা থাকবে, তা নিয়ে আমাদের আলাদা বৈঠক হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
অন্যদিকে, বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশিকাকে কটাক্ষ করতে ছাড়েনি বাম ছাত্র-যুব নেতৃত্ব। ডিওয়াইএফআই-এর জেলা সভাপতি এবং এসএফআই নেতা সুব্রত মাহাতো মুখ্যমন্ত্রীর ২০২২ সালের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট মনে করিয়ে দিয়ে বলেন, “সেই সময় তো উনি নিজেই সকলকে ‘শারদোৎসব’ ও মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছিলেন! আজ হঠাৎ এই শব্দটিতে তাঁর এত আপত্তি কেন, তা মোটেই স্পষ্ট নয়। আমাদের মূল লক্ষ্য স্টলের মাধ্যমে সাধারণ মানুষের হাতে বই তুলে দেওয়া।”
বিজেপির কড়া অবস্থান পুরুলিয়া জেলায় বিধানসভা নির্বাচনে অভাবনীয় সাফল্যের পর বিজেপিও এবার দুর্গাপুজোকে সামনে রেখে বইয়ের স্টল বাড়াতে মরিয়া। দলের জেলা সভাপতি শঙ্কর মাহাতো এবং রাজ্য কমিটির সদস্য বিদ্যাসাগর চক্রবর্তী জানিয়েছেন, গতবার স্টল থেকে দারুণ সাড়া মিলেছিল, তাই এবারও জেলার বিভিন্ন প্রান্তে পদ্মশিবিরের বইয়ের স্টল থাকবে।
তবে সিপিএমের স্টলে ‘দুর্গাপুজো’ লেখার নির্দেশিকা কার্যকর করার বিষয়ে কড়া বার্তা দিয়েছে জেলা বিজেপি। স্টল দিতে গেলে সিপিএমকে কি এই নিয়ম মানতেই হবে? এই প্রশ্নের উত্তরে জেলা বিজেপির এক শীর্ষনেতা স্পষ্ট জানিয়েছেন, “স্টল দিলে ‘দুর্গাপুজো’ শব্দটি তাঁদের লিখতেই হবে।” যদিও এই নির্দেশিকা কার্যকর হচ্ছে কি না, তা নিয়ে বিজেপি কর্মীরা নজরদারি চালাবেন কি না, সে বিষয়ে তিনি খোলসা করে কিছু জানাননি।
