শিবপুরে মদের আসরে গুলির শব্দ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক! গ্রেফতার ২ – এবেলা

শিবপুরে মদের আসরে গুলির শব্দ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যুবক! গ্রেফতার ২ – এবেলা

এবেলা ডেস্কঃ

হাওড়ার শিবপুরে মদের আসরে গুলি চালানোর ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে বিচালি ঘাটের কাছে এই ঘটনার জেরে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন এক যুবক। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুরানো শত্রুতার জেরে হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে বিচালি ঘাটের কাছে নেশার আসরে মহম্মদ আরবাজের সঙ্গে শেখ আবদুল্লাহ এবং আকিব হোসেনের বচসা শুরু হয়। এই তিনজনেই শিবপুর থানা এলাকার বাসিন্দা। বচসার মাঝেই অভিযোগ ওঠে, আরবাজকে লক্ষ্য করে গুলি চালায় আকিব। তবে গুলির নিশানা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় আরবাজ প্রাণে বেঁচে যান। তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে পালিয়ে তিনি শিবপুর থানায় গিয়ে পুরো বিষয়টি জানান।

অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় পুলিশ। দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকেই পাকড়াও করা হয়। তাদের কাছ থেকে একটি সেভেন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। ধৃতদের মঙ্গলবার হাওড়া আদালতে হাজির করানো হয়। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, টাকা-পয়সা সংক্রান্ত পুরনো শত্রুতার জেরেই এই হামলা। তবে এর পেছনে অন্য কোনো গভীর চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *