শিলিগুড়িতে অলৌকিক দৃশ্য! মেঘ সরতেই নীল আকাশে ফুটে উঠল ‘ঘুমন্ত বুদ্ধ’, সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি – এবেলা

শিলিগুড়িতে অলৌকিক দৃশ্য! মেঘ সরতেই নীল আকাশে ফুটে উঠল ‘ঘুমন্ত বুদ্ধ’, সোশাল মিডিয়ায় তুমুল ভাইরাল ছবি – এবেলা

এবেলা ডেস্কঃ

চতুর্থীর সকালে শিলিগুড়িবাসীর জন্য অপেক্ষা করছিল প্রকৃতির এক দুর্দান্ত চমক। দীর্ঘদিনের বর্ষা ও নিম্নচাপের ধূসর মেঘ কাটিয়ে নীল আকাশের ক্যানভাসে স্পষ্ট ফুটে ওঠে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। সকালে প্রাতঃভ্রমণকারী থেকে শুরু করে কর্মস্থলের উদ্দেশ্যে বেরোনো মানুষজন উড়ালপুল ও খোলা প্রান্তর থেকে চোখ জুড়ানো এই দৃশ্য উপভোগ করেন। প্রকৃতির এই অপরূপ রূপ ক্যামেরাবন্দি করতে দেরি করেননি বাসিন্দারা, যা নিমেষেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়ে। শিলিগুড়ি ও জলপাইগুড়ি ছাড়াও কালিম্পং এবং দার্জিলিংয়ে অবস্থানরত পর্যটকরাও এই বিরল দর্শনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

গত কয়েক মাসের টানা বৃষ্টি ও মেঘলা আবহাওয়ার কারণে পাহাড়ে গিয়েও পর্যটকদের কাঞ্চনজঙ্ঘা না দেখেই ফিরে আসতে হয়েছিল। তবে সাম্প্রতিক আবহাওয়ার পরিবর্তন এবং ঝকঝকে রোদের কারণে হঠাৎ করেই দৃশ্যমান হয়ে ওঠে পর্বতশৃঙ্গটি। স্থানীয় বাসিন্দাদের মতে, সমতল থেকে মাঝেমধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও, চতুর্থীর সকালে এতটা পরিষ্কার ও মনোরম রূপ সচরাচর চোখে পড়ে না। শরতের আমেজ আর উৎসবের সূচনালগ্নে চোখের সামনে ‘ঘুমন্ত বুদ্ধ’-র এমন উপস্থিতি পুজো পরিক্রমায় দ্বিগুণ আনন্দের জোয়ার এনে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *