শিলিগুড়িতে বিশেষ স্বাস্থ্য শিবির, সামান্য বদহজম থেকে হতে পারে লিভারের মারাত্মক রোগ! – এবেলা

এবেলা ডেস্কঃ
শিলিগুড়ির ডিসান হসপিটালের উদ্যোগে সম্প্রতি একটি বিশেষ গ্যাস্ট্রো স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়েছে, যেখানে অ্যাসিডিটি, বুকজ্বালা ও বদহজমের মতো পরিচিত সমস্যাগুলিকে গুরুত্ব দিয়ে আগেভাগে রোগ নির্ণয়ের ওপর জোর দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, দীর্ঘদিন ধরে এ ধরনের সমস্যা চলতে থাকলে তার নেপথ্যে থাকতে পারে ফ্যাটি লিভার, ক্রনিক লিভার ডিজিজ, হেপাটাইটিস, পেপটিক আলসার বা আইবিএসের মতো গুরুতর শারীরিক জটিলতা। প্রাথমিক পর্যায়ে অনেক রোগই নীরব থাকে এবং কোনো স্পষ্ট উপসর্গ প্রকাশ করে না, যার ফলে পরবর্তীতে তা মারাত্মক আকার ধারণ করতে পারে।
এই শিবিরে বিশেষজ্ঞদের পক্ষ থেকে ফ্যাটি লিভারের ঝুঁকি ছাড়াও খাবার গিলতে অসুবিধা, বারবার বমি, অকারণে ওজন হ্রাস বা রক্তাল্পতার মতো লক্ষণগুলিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে আপার জিআই এন্ডোস্কোপি ও কোলোনোস্কোপির মাধ্যমে আলসার, পলিপ বা ক্যানসারের মতো রোগ আগেভাগে শনাক্ত করা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই সময়মতো রোগ নির্ণয়, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাত্রার পরিবর্তনই লিভার ও পরিপাকতন্ত্রের সুস্থতা বজায় রাখার প্রধান উপায়।
