শিল্প-খরা কাটছে ডবল ইঞ্জিন বাংলায়, এবার রাজ্যে ৬৫০ কোটির ডেয়ারি প্লান্ট গড়বে আমুল – এবেলা

শিল্প-খরা কাটছে ডবল ইঞ্জিন বাংলায়, এবার রাজ্যে ৬৫০ কোটির ডেয়ারি প্লান্ট গড়বে আমুল – এবেলা

এবেলা ডেস্কঃ

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরপরই বড়সড় বিনিয়োগের হাতছানি। রাজ্যে দীর্ঘদিনের শিল্প-খরা কাটিয়ে এবার বিশাল অঙ্কের পুঁজি বিনিয়োগ করতে চলেছে দেশের অন্যতম শীর্ষ দুগ্ধজাত পণ্য প্রস্তুতকারক সংস্থা আমুল। বঙ্গ বিজেপির অফিসিয়াল সমাজমাধ্যম সূত্রে জানানো হয়েছে, বাংলায় প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করে একটি মেগা ডেয়ারি প্রকল্প গড়ে তুলবে এই সংস্থা। রাজ্যে নতুন সরকার গঠনের ১০০ দিনের মধ্যে শিল্পের ক্ষেত্রে বড়সড় ‘ম্যাজিক’ দেখানোর যে বার্তা নেতৃত্ব দিয়েছিলেন, এই বিনিয়োগকে তারই প্রথম ধাপ হিসেবে দেখছে রাজনৈতিক ও অর্থনৈতিক মহল।

আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি প্ল্যান্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, এটিই হতে চলেছে পশ্চিমবঙ্গে আমুলের প্রথম সম্পূর্ণ নিজস্ব মালিকানাধীন বা পূর্ণাঙ্গ ডেয়ারি প্ল্যান্ট। এর আগে পূর্বতন তৃণমূল সরকারের আমলে একাধিকবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলেও রাজ্যে আশানুরূপ শিল্প আসেনি বলে বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল। তবে নতুন জমানার শুরুতেই এই মেগা প্রকল্পের ঘোষণা রাজ্যের অর্থনৈতিক দিশা বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও এই বিনিয়োগের বিষয়ে নবগঠিত রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ও বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি।

কর্মসংস্থান ও দুগ্ধ পরিকাঠামোয় বড় প্রভাব

এই বিশাল বিনিয়োগের ফলে পশ্চিমবঙ্গের দুগ্ধ উৎপাদন ও প্রক্রিয়াকরণ পরিকাঠামো আমূল বদলে যাবে বলে দাবি করা হচ্ছে। একই সঙ্গে রাজ্যে তৈরি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ, যা বেকারত্ব দূরীকরণে বড় ভূমিকা নেবে। রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ এই প্রসঙ্গে জানান যে, বাংলায় শিল্পায়নের বিপুল সম্ভাবনা রয়েছে এবং ইতিমধ্যেই দুবাই, লন্ডন, সিঙ্গাপুরসহ দিল্লি ও মুম্বইয়ের বহু শিল্পগোষ্ঠী বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তিনি পূর্বতন সরকারের আমলের অব্যবস্থার খতিয়ান তুলে ধরে জানান, হরিনঘাটা এবং মাদার ডেয়ারির মতো সরকারি দুগ্ধ প্রকল্পগুলোর উৎপাদন যেখানে তলানিতে ঠেকেছিল, সেখানে আমুলের এই নতুন প্ল্যান্ট রাজ্যের দুগ্ধ শিল্পে জোয়ার নিয়ে আসবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *