শুটিং সেটে বড় দুর্ঘটনা! চোখে মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি – এবেলা

এবেলা ডেস্কঃ
‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন গুরুতর চোট পেলেন পুলিশের খাকি উর্দিধারী ‘উজি’ তথা জনপ্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি। একটি অ্যাকশন দৃশ্যের ক্লোজ-আপ শট নেওয়ার সময় ফ্লোরে বেল্ট বাউন্স ব্যাক করে সরাসরি তাঁর বাঁ চোখে এসে লাগে। এই আকস্মিক দুর্ঘটনায় তাঁর চোখ থেকে গাল পর্যন্ত ফুলে গিয়ে মারাত্মক জখম হয় এবং যন্ত্রণাদায়ক দাগের সৃষ্টি হয়। টানা দু’দিন ধরে তীব্র ব্যথা ও যন্ত্রণায় ভুগলেও বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেত্রী। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীমহলে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার পর অনুরাগীদের আশ্বস্ত করে আরাত্রিকা জানিয়েছেন যে তিনি বর্তমানে চিকিৎসাধীন ও আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন। পুরোপুরি সেরে উঠতে আরও কিছুদিন সময় লাগবে বলে তিনি উল্লেখ করেছেন। এদিকে, পর্দার প্রিয় বোনের এই বিপদের দিনে তাঁর পাশে দাঁড়িয়েছেন সহ-অভিনেত্রী শ্রুতি দাস। আরাত্রিকার কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন শ্রুতি, যা দুই তারকার অফস্ক্রিন বন্ধুত্বের গভীরতাকেই ফের প্রমাণ করল। ভক্তদের ভালোবাসা এবং প্রার্থনার জোরে চোটের দাগ মিলিয়ে দ্রুত কাজে ফিরবেন বলে আশাবাদী পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
