শেষ রক্ষা হল না! ধর্ষণ মামলায় তেহেলকা কর্তা তরুণ তেজপালকে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ
ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন ‘তেহেলকা’র প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান সম্পাদক তরুণ তেজপাল। আগামী দুই সপ্তাহের মধ্যে তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এর আগে বম্বে হাই কোর্ট এই মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে তরুণ তেজপাল যেমন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তেমনই হাই কোর্টের সাজা অপর্যাপ্ত বলে দাবি করে যাবজ্জীবনের আর্জি জানিয়েছে গোয়া সরকারও।
মঙ্গলবার আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, নির্ধারিত দুই সপ্তাহের মধ্যে তেজপালকে আত্মসমর্পণ করতে হবে এবং আত্মসমর্পণের নথি জমা পড়ার পরই তাঁর আবেদন শুনবে আদালত। ২০১৩ সালে গোয়ায় একটি হোটেলের লিফটে এক মহিলা সহকর্মীকে যৌন হেনস্তার অভিযোগে উত্তাল হয়েছিল দেশ। দীর্ঘ আইনি লড়াই এবং বিচার প্রক্রিয়া শেষে গত আগস্টে বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চ তাঁকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড দেয়। এই হাইপ্রোফাইল মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।
