শেষ হয়েও হচ্ছে না শেষ! সেপ্টেম্বরেও ঝেঁপে বৃষ্টি, কোন কোন রাজ্যে বইবে দুর্যোগের তাণ্ডব? – এবেলা

এবেলা ডেস্কঃ
বর্ষা বিদায় নেওয়ার কথা থাকলেও খামখেয়ালি প্রকৃতিতে সেপ্টেম্বরেও নতুন করে বর্ষার মরশুম শুরু হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সক্রিয় নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ ছাড়াও ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাসের প্রথম দিন থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে শুরু হয়েছে বিক্ষিপ্ত বর্ষণ। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার জেরে জনজীবন কিছুটা বিপর্যস্ত হতে পারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে আবহাওয়া কিছুটা উন্নত হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কলকাতায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি মিললেও বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তর ও উত্তর-পূর্বাংশের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে এই অপ্রত্যাশিত বৃষ্টির জেরে জনজীবন ও কৃষিকাজে প্রভাব পড়ার আশঙ্কা করছেন আবহবিদরা।
