শ্রীদেবীকে ভালোবাসার কথা জানাতে গিয়েই কেন পিছু হটলেন রজনীকান্ত? – এবেলা

এবেলা ডেস্কঃ
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত তাঁর অভিনয় ক্যারিয়ারে বহু স্মরণীয় ছবি উপহার দিলেও শ্রীদেবীর সঙ্গে তাঁর সম্পর্কের এক অজানা অধ্যায় আজও কৌতূহলী করে তোলে ভক্তদের। একসঙ্গে কাজ করার সুবাদে একসময়ে শ্রীদেবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাঁর প্রেমে পড়েছিলেন অভিনেতা। ভালোবাসা এতটাই গভীর হয়েছিল যে মনে মনে বিয়ের স্বপ্নও দেখেছিলেন তিনি। এক সাক্ষাৎকারে রজনীকান্ত নিজেই প্রকাশ করেছেন যে, শ্রীদেবীর নতুন বাড়ির গৃহপ্রবেশের দিনই তাঁকে মনের কথা জানানোর পরিকল্পনা করেছিলেন তিনি। সেইমতো অভিনেত্রীর বাড়িতে পৌঁছেও গিয়েছিলেন তিনি, কিন্তু শেষ মুহূর্তে ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা।
মনের কথা প্রকাশ করার ঠিক আগমুহূর্তে হঠাৎই বিদ্যুৎ বিভ্রাট ঘটে পুরো বাড়িতে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। প্রবলভাবে কুসংস্কার ও অশুভ লক্ষণে বিশ্বাসী রজনীকান্ত এই ঘটনাটিকে একটি অশুভ সংকেত হিসেবে ধরে নেন। ফলস্বরূপ, মনের কথা মনেই রেখে সেই মুহূর্তে শ্রীদেবীর বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। পরবর্তীতে ভালোবাসার মায়া ত্যাগ করলেও শ্রীদেবীর সঙ্গে একটি স্বাভাবিক ও পেশাদার সম্পর্ক বজায় রেখেছিলেন এই দক্ষিণী মেগাস্টার।
