শ্রীভূমি কাঁপানো উৎসবে বিচ্ছেদ! আলোর রোশনাই ছেড়ে কেন জেলবন্দি সুজিত বসু? – এবেলা
/indian-express-bangla/media/media_files/2026/10/13/sujit-2026-10-13-12-23-37.jpg?ssl=1)
এবেলা ডেস্কঃ
প্রতি বছর দুর্গাপুজোয় লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব চত্বরে তিল ধারণের জায়গা থাকে না। যার মূল কারিগর রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু, এবারের পুজোয় সেই জাঁকজমক থেকে বহুদূরে জেলের গরাদের পেছনে দিন কাটাচ্ছেন। পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাতে গ্রেপ্তার হওয়া প্রাক্তন মন্ত্রীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই রায়ে পুজোয় বাড়ি ফেরার সমস্ত আশাও ফিকে হয়ে গেছে।
তদন্তকারীদের সূত্রে জানা গেছে, দক্ষিণ দমদম পুরসভায় দেড়শতাধিক প্রার্থীর চাকরির সুপারিশকে কেন্দ্র করে এই দুর্নীতির জাল ছড়িয়ে পড়ে। ইডি-র দাবি, অয়ন শীলের সূত্র ধরে এই নিয়োগ প্রক্রিয়ায় বিপুল আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। একসময়ের প্রভাবশালী এই নেতার হাত ধরেই শ্রীভূমির পুজো গোটা দেশের নজর কেড়েছিল। তবে নিয়োগ দুর্নীতির আইনি জাঁতাকলে পড়ে এবছর শারদোৎসবের আনন্দ থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকতে হচ্ছে তাঁকে।
