সংরক্ষণ বাড়ানোর চেষ্টা বড় ধাক্কা খেল কর্নাটকে, আইনের ধারা খারিজ হাইকোর্টের! – এবেলা

সংরক্ষণ বাড়ানোর চেষ্টা বড় ধাক্কা খেল কর্নাটকে, আইনের ধারা খারিজ হাইকোর্টের! – এবেলা

এবেলা ডেস্কঃ

কর্নাটকে তপসিলি জাতি ও উপজাতিদের সংরক্ষণ বাড়ানোর ২০২২ সালের আইনকে অসাংবিধানিক আখ্যা দিয়ে খারিজ করে দিল হাইকোর্ট। বিজেপি সরকারের আমলে পাশ হওয়া এই আইনে তপসিলি জাতির সংরক্ষণ ১৫ থেকে ১৭ শতাংশ এবং তপসিলি উপজাতির জন্য ৩ থেকে বাড়িয়ে ৭ শতাংশ করার প্রস্তাব ছিল। বিচারপতি বিভু বাখরু ও বিচারপতি কে এস হেমলেখার বেঞ্চ স্পষ্ট জানায়, আইনটি কার্যকর হলে মোট সংরক্ষণ দাঁড়াত ৫৬ শতাংশে। এটি সংবিধানের ১৪, ১৫ ও ১৬ নম্বর ধারা লঙ্ঘন করে এবং সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া ৫০ শতাংশ সংরক্ষণের সর্বোচ্চ সীমা অতিক্রম করে।

অবসরপ্রাপ্ত বিচারপতি নাগমোহন দাস ও বিচারপতি সুভাষ বি আদি কমিটির রিপোর্টের ভিত্তিতে তৈরি এই আইনটি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বলে চিহ্নিত করা হয়েছে। রাজ্য বিধানসভায় পাশ হওয়ার পর ২০২৩ সালের জানুয়ারিতে বিলটিতে সই করেছিলেন তৎকালীন রাজ্যপাল। হাইকোর্টের এই নির্দেশের ফলে সরকারি চাকরিতে সংরক্ষণ বৃদ্ধির ৪ নম্বর ধারা বাতিল হয়ে গেল। এই সিদ্ধান্তকে গুরুতর উল্লেখ করে কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর জানান, হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *