সংসদে তৃণমূলকে হটিয়ে বড় চাল! গুরুত্বপূর্ণ দুই স্থায়ী কমিটির শীর্ষ দায়িত্বে এনসিপিআই

সংসদীয় স্থায়ী কমিটির নতুন রদবদলে বড়সড় ধাক্কার মুখে পড়ল তৃণমূল কংগ্রেস। রসায়ন ও সার সংক্রান্ত কমিটির চেয়ারপার্সন পদ থেকে সাংসদ কীর্তি আজাদকে সরিয়ে সেই দায়িত্ব দেওয়া হয়েছে দলত্যাগী ও বিদ্রোহী শিবিরের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। অন্যদিকে, বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির প্রধান পদ থেকে দোলা সেনকে সরিয়ে স্থলাভিষিক্ত করা হয়েছে বিজেপির রাজ্যসভা সাংসদ সুধাংশু ত্রিবেদীকে। সংসদীয় এই রদবদলের ফলে জাতীয় রাজনীতিতে যেমন জোড়াফুল শিবিরের রাজনৈতিক অবস্থান আরও কোণঠাসা হলো, তেমনই নতুন এই সমীকরণকে কেন্দ্র করে বিরোধী শিবিরের অন্দরে তৈরি হয়েছে জোর রাজনৈতিক জল্পনা।
এমনিতেই ২০২৬-এর নির্বাচনী বিপর্যয়ের পর বড় সংখ্যক সাংসদ তৃণমূল ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় (এনসিপিআই) যোগ দিয়ে এনডিএ-কে সমর্থনের কথা জানান। যদিও ওই সাংসদদের সদস্যপদ বাতিলের বিষয়টি বর্তমানে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিচারাধীন এবং আগামী ৮ অক্টোবরের মধ্যে তাঁদের জবাব দেওয়ার সময়সীমা নির্দিষ্ট রয়েছে। কিন্তু সদস্যপদ সংক্রান্ত আইনি জটিলতা চলা সত্ত্বেও সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কাকলি ঘোষ দস্তিদারদের মতো বিদ্রোহী নেতাদের স্পিকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির দায়িত্ব সঁপে দেওয়া কালীঘাটের জন্য বড়সড় রাজনৈতিক বার্তা বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।
