সই-জাল কাণ্ডে এবার কুণালকে তলব CID-র! রবিবার ভবানী ভবনে অভিষেক-কুণালকে মুখোমুখি বসানোর প্রস্তুতি – এবেলা

সই-জাল কাণ্ডে এবার কুণালকে তলব CID-র! রবিবার ভবানী ভবনে অভিষেক-কুণালকে মুখোমুখি বসানোর প্রস্তুতি – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সই-জাল কাণ্ডে এবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র আতশকাচের নীচে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। এই হাই-প্রোফাইল মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নোটিস পাঠিয়ে আগামী রবিবার ভবানী ভবনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই দিনে তলব করা হয়েছে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। সূত্রের খবর, তদন্তের স্বার্থে এই দুই হেভিওয়েট নেতাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবারই কুণাল ঘোষকে এই নোটিস পাঠানো হয়েছে। রবিবার বেলা ১২টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার ঠিক আড়াই ঘণ্টা পর অর্থাৎ দুপুর আড়াইটে নাগাদ কুণাল ঘোষকে ভবানী ভবনে ডেকে পাঠানো হয়েছে। এর আগে কুণালের বাড়িতে গিয়ে তাঁর বয়ান রেকর্ড করেছিলেন গোয়েন্দারা, এবার দুই নেতার বয়ান সামনাসামনি মিলিয়ে দেখাই মূল লক্ষ্য সিআইডির।

অভিষেককে সাড়ে ৫ ঘণ্টা জেরা:

এর আগে গত বৃহস্পতিবারই সই-জাল মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা জেরা করে সিআইডি। কলকাতা হাইকোর্টের দেওয়া ২১ দিনের রক্ষাকবচ ও তদন্তে সহযোগিতার শর্ত মেনে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছেছিলেন তিনি। রাত সাড়ে এগারোটা নাগাদ জেরা শেষে তিনি বের হন।

কী এই সই-জাল কাণ্ড?

গত ৯ মে বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসের কাছে তৃণমূলের পরিষদীয় দলের তরফে একটি চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার আবেদন জানিয়ে পাঠানো সেই চিঠিতেই সই সংক্রান্ত কিছু ‘অসঙ্গতি’ ধরা পড়ে, যা নিয়ে অভিযোগ তোলে বর্তমান শাসক দল। এরপরই তদন্তের ভার যায় সিআইডি-র হাতে। ওই চিঠিতে বিধায়ক হিসেবে মেয়র ফিরহাদ হাকিম, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষেরও সই ছিল। ইতিমধ্যেই ফিরহাদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি বাকি বিধায়কদের বাড়িতে গিয়েও বয়ান রেকর্ড ও ভিডিওগ্রাফি করেছে সিআইডি। এবার কুণাল ও অভিষেককে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *