সকালেই বিছানায় ৩ কাপ কফি: কিং খানের ‘কিং-সাইজ’ অভ্যাসে স্বাস্থ্যঝুঁকি কতটা? – এবেলা

এবেলা ডেস্কঃ
September 17, 202611:15 am
বলিউড বাদশাহ শাহরুখ খানের দিন শুরু করার ধরনটাও একেবারে ‘কিং-সাইজ’। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) আয়োজিত ‘আস্ক মি এনিথিং’ (AMA) সেশনে ভক্তদের সঙ্গে আড্ডায় নিজের এক বিশেষ অভ্যাসের কথা প্রকাশ করেছেন তিনি। কিং খান জানান, সকালে ঘুম থেকে উঠে কারও সঙ্গে কথা বলার আগেই বিছানায় বসে পরপর তিন কাপ কফি খাওয়া তাঁর দীর্ঘদিনের অভ্যাস। কাজের জন্য তাড়া থাকলেও এই রুটিনে বদল হয় না। অবশ্য শুটিং সেটে দেরি করে পৌঁছালে যে বকুনি খেতে হয় এবং তখন আর কোনো ‘বাদশাহি অনুভুতি’ অবশিষ্ট থাকে না—তা-ও চেনা রসবোধের সঙ্গেই স্বীকার করেছেন তিনি।
একই আড্ডায় নিজের বাড়ির আড়ম্বরহীন গণেশ পূজার কথাও জানান শাহরুখ। পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘরোয়া পরিবেশে সময় কাটানোই তাঁর কাছে এই উৎসবের আসল আনন্দ।
তবে বাদশাহর এই তিন কাপ কফির গল্পটি শুধু তারকার ব্যক্তিগত অভ্যাসে আটকে নেই, তৈরি করেছে স্বাস্থ্যগত প্রশ্নও। কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্কের স্নায়ুকে উদ্দীপিত করে সাময়িকভাবে ক্লান্তি দূর ও মনোযোগ বৃদ্ধি করতে সাহায্য করে ঠিকই, তবে শাহরুখের মতো দিনে তিন কাপ কফি খাওয়া সবার জন্য উপযুক্ত নয়। অতিরিক্ত ক্যাফেইন সেবনে অস্থিরতা, উচ্চ মানসিক চাপ, বুক ধড়ফড়, হজমের সমস্যা এবং ঘুমের চরম ব্যাঘাত ঘটতে পারে। এমনকি পর্যাপ্ত ঘুমের অভাব ঢাকার জন্য কফির ওপর অতিরিক্ত নির্ভরতা শরীরে ক্ষতিকর চক্র তৈরি করে। তাই তারকার রাজকীয় অভ্যাস অন্ধভাবে অনুকরণ না করে, নিজের শরীরের সিগন্যাল ও সহ্যক্ষমতা বুঝেই কফি পানের পরিমাণ ঠিক করা উচিত।
