সকালে রাঁধা ভাত রাতে খাওয়া কি নিরাপদ? অজান্তেই বাড়ছে বিষক্রিয়ার মারাত্মক ঝুঁকি! – এবেলা

সকালে রাঁধা ভাত রাতে খাওয়া কি নিরাপদ? অজান্তেই বাড়ছে বিষক্রিয়ার মারাত্মক ঝুঁকি! – এবেলা

এবেলা ডেস্কঃ

ব্যস্ত জীবনযাপনে সময় বাঁচাতে কিংবা পরিমাণের হিসেবে ভুল হলে সকালের রাঁধা ভাত রাতে গরম করে নেওয়ার অভ্যাস আমাদের অনেকেরই রয়েছে। কেউ কেউ আবার ঝক্কি এড়াতে একবারে বেশি করে ভাত রেঁধে দুই-তিন দিন ধরে বারবার গরম করে খান। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস শরীরের জন্য একেবারেই ভালো নয়। সঠিক পদ্ধতিতে সংরক্ষণ না করে বারবার ভাত গরম করে খেলে পোহাতে হতে পারে মারাত্মক খাদ্যে বিষক্রিয়া (Food Poisoning)।

কেন বাড়ে খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা?

রান্না করা ভাত দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে তাতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ (Bacillus cereus) নামক ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করতে শুরু করে। এই জীবাণু ৪ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, ভাত পরবর্তীতে ফ্রিজে রাখলে কিংবা উচ্চ তাপমাত্রায় বারবার ফুটাকলেও এই ব্যাকটেরিয়া বা তার বিষাক্ত উপাদান পুরোপুরি নষ্ট হয় না। ফলে ভাতের স্বাভাবিক পুষ্টিগুণ ও স্বাদ নষ্ট হওয়ার পাশাপাশি পেটের তীব্র গোলযোগ দেখা দিতে পারে।

ভাত নিরাপদ রাখার সঠিক নিয়ম

বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে যদি পরবর্তীতে খেতেই হয়, তবে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী কিছু নিয়ম মেনে চলা জরুরি:

  • দ্রুত ফ্রিজে রাখুন: একদম ফুটন্ত গরম ভাত সরাসরি ফ্রিজে রাখা উচিত নয়। তবে ভাত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আসার পরপরই দ্রুত ফ্রিজে তুলে ফেলুন। দীর্ঘক্ষণ বাইরে ফেলে রাখবেন না।
  • কাচের এয়ারটাইট পাত্র: সাধারণ বাটিতে খোলা অবস্থায় রাখা কিংবা প্লাস্টিকের কৌটো ব্যবহারের বদলে কাচের তৈরি বায়ুরোধী (Air-tight) পাত্র ব্যবহার করুন।
  • প্রয়োজন অনুযায়ী বের করুন: পুরো পাত্রটি ফ্রিজ থেকে না বের করে, কেবল যতটুকু ভাত খাবেন ঠিক ততটুকুই আলাদা করে বের করে গরম করে নিন।
  • বারবার গরম করা বন্ধ করুন: একবার ফ্রিজ থেকে বের করে গরম করার পর বেঁচে যাওয়া অংশ আবার ফ্রিজে ঢুকিয়ে রাখা যাবে না। বারবার তাপমাত্রার তারতম্য ঘটলে ব্যাকটেরিয়ার আক্রমণ বহুগুণ বেড়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *