সকাল ১১টাতেই মদের গন্ধ! ভগবন্ত মানকে নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী!

সকাল ১১টাতেই মদের গন্ধ! ভগবন্ত মানকে নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী!

 

মাদক ও ব্যক্তিগত আচরণ নিয়ে ভগবন্ত মানকে নিশানা রাহুলের, পালটা তোপ আপের

নিজস্ব প্রতিবেদন, সাংগ্রুর: আগামী বছর পঞ্জাব বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রচার শুরু করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার সাংগ্রুরে এক জনসভা থেকে পঞ্জাবের আপ সরকার ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তিনি। রাজ্যের মাদক সমস্যার মোকাবিলায় মুখ্যমন্ত্রী ব্যর্থ বলে অভিযোগ করেন রাহুল।

জনসভায় রাহুল গান্ধী ভগবন্ত মানের ব্যক্তিগত আচরণের প্রসঙ্গ টেনে বলেন, ‘‘সাংসদ থাকাকালীন আমি দেখেছি, সকাল ১১টার সময় ভগবন্ত মানের মুখ থেকে মদের গন্ধ বেরোত। তিনি লোকসভায় আমাদের হাসানোর চেষ্টা করতেন। তিনি মদ্যপান করবেন কি না, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু মাদক পাচার ও নেশার গ্রাস থেকে রাজ্যকে বাঁচাতে হলে মুখ্যমন্ত্রী সন্ধ্যাবেলা নেশাগ্রস্ত অবস্থায় থাকতে পারেন না।’’

রাহুলের দাবি, পঞ্জাবের এমন একজন নেতার প্রয়োজন, যিনি রাজ্যের যুবসমাজের যন্ত্রণা বোঝেন এবং মাদকের বিরুদ্ধে কঠোর লড়াই করার ক্ষমতা রাখেন। তাঁর কথায়, ‘‘আপনাদের এমন একজন নেতা দরকার, যিনি পঞ্জাবের কষ্ট হৃদয়ে অনুভব করেন।’’

রাহুল গান্ধীর এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আম আদমি পার্টি (আপ)। আপ নেতা সৌরভ ভরদ্বাজ দিল্লির এক সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধীর সমালোচনা করে বলেন, ‘‘রাহুল গান্ধীর মতো একজন সিনিয়র নেতার মুখে এমন রুচিহীন মন্তব্য মানায় না। তাঁর এই ধরনের মন্তব্যই প্রমাণ করে যে কংগ্রেসের রাজনীতি কতটা নিচু স্তরে নেমেছে।’’

ভরদ্বাজ আরও বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধেও অতীতে মাদকসেবনের অভিযোগ উঠেছিল, কিন্তু অভিযোগ মানেই প্রমাণ নয়। তাঁর অভিযোগ, পঞ্জাব নির্বাচনে বিজেপি ও কংগ্রেস জোটবদ্ধ হয়ে আপ সরকারকে নিশানা করছে। পঞ্জাবের প্রকৃত উন্নয়ন নিয়ে তাদের মাথাব্যথা নেই বলেও দাবি করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *