সন্তানকে পর্নোগ্রাফি দেখিয়ে যৌন হেনস্থা, লেকটাউনে গ্রেপ্তার মা!

নিজের ১০ বছরের যমজ সন্তানকে যৌন হেনস্থা ও অকথ্য নির্যাতনের অভিযোগে লেকটাউনের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সল্টলেকের এক ব্যবসায়ীর স্ত্রী ওই নারী দীর্ঘদিন ধরে সন্তানদের ওপর এই নৃশংসতা চালাচ্ছিলেন বলে অভিযোগ। গত মাসে অন্নপূর্ণা পুজোর সময় সন্তানরা তাদের বাবার কাছে গিয়ে বিষয়টি জানালে ঘটনাটি প্রকাশ্যে আসে।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত নারী সন্তানদের জোর করে পর্নোগ্রাফি দেখাতেন এবং তাদের নগ্ন ছবি তুলে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে বাধ্য করতেন। এছাড়া লাঠি ও রড দিয়ে মারধর, খেলনার প্রলোভন দেখানো এবং ছুরি দিয়ে ভয় দেখিয়ে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। গত ৩১ মার্চ শিশুদের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ পকসো আইনের ৪, ৮, ১২ ধারাসহ ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। গত ৮ এপ্রিল অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে তোলা হলে আদালত তাকে ২৩ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। বর্তমানে দুই শিশু তাদের বাবার আশ্রয়ে রয়েছে এবং বিষয়টি নিয়ে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে তদন্ত চলছে।
