সন্তানের সঙ্গে সম্পর্ক মজবুত করতে অভিভাবকত্বের এই তিনটি ভুল এড়িয়ে চলুন

অভিভাবকত্বের ক্ষেত্রে অনেক সময় অজান্তেই কিছু ভুল আচরণ সন্তানের মনে গভীর প্রভাব ফেলে। অনেক বাবা-মা রাগের মাথায় বা ক্লান্তিবশত এমন কিছু কথা বলে ফেলেন, যা সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দেয়। সুস্থ অভিভাবকত্বের জন্য এই ধরনের ক্ষতিকর অভ্যাসগুলো চিহ্নিত করা এবং তা শুধরে নেওয়া অত্যন্ত জরুরি। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তিনটি সাধারণ ভুল এড়িয়ে চলা প্রয়োজন।
প্রথমত, ভুল স্বীকার করার সময় নাটকীয়তা পরিহার করা উচিত। সন্তান কোনো বিষয়ে কষ্ট পেলে ‘আমিই সবচেয়ে খারাপ বাবা-মা’—এমন কথা বললে শিশুটি নিজের কষ্ট ভুলে উল্টে নিজেকেই দোষী ভাবতে শুরু করে। এর পরিবর্তে নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করা অনেক বেশি কার্যকর। দ্বিতীয়ত, সন্তানের মৌলিক চাহিদা পূরণকে কৃতজ্ঞতার শর্ত হিসেবে দেখানো উচিত নয়। লালন-পালনকে অনুগ্রহ বা ঋণ হিসেবে উপস্থাপন করলে সন্তানের মনে অপরাধবোধ তৈরি হয়। ভালোবাসা ও দায়িত্ববোধ থেকে সন্তানের যত্ন নেওয়া অভিভাবকের কর্তব্য।
তৃতীয়ত, ভয় বা চাপ দিয়ে সম্মান আদায়ের চেষ্টা করা সম্পর্কের জন্য ক্ষতিকর। পারস্পরিক বোঝাপড়া এবং সন্তানের মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। বাবা-মা যখন সন্তানের ভাবনাকে সম্মান জানান, তখন সন্তানও স্বতঃস্ফূর্তভাবে সম্মান দিতে শেখে। রাগের মুহূর্তে সংযত থাকা এবং কড়া কথা বলার আগে কয়েক সেকেন্ড সময় নেওয়া সম্পর্কের ভিত মজবুত করতে সাহায্য করে। শান্ত আচরণ শিশুকে ভরসা দেয় এবং তাকে মানসিকভাবে নিরাপদ রাখে।
