সপ্তম বেতন কমিশনের নতুন পদক্ষেপে সরকারি কর্মীদের বেতন বাড়ার আশায় বড় চমক – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার লক্ষ্যে সপ্তম বেতন কমিশনের মূল কাজ দ্রুত গতিতে এগোতে শুরু করেছে। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের অধীন কর্মী, পদ, পরিষেবা এবং ক্যাডার সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে কমিশন থেকে চিঠি পাঠানো হয়েছে। কমিশনের সদস্য-সচিব দেবী প্রসাদ করণমের জারি করা এই নির্দেশিকায় সমস্ত দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব, প্রধান সচিব ও সচিবদের বিশেষ নোডাল আধিকারিক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরগুলিকে নির্দিষ্ট অনলাইন পোর্টালে লগইন করে কমিশনের তৈরি প্রশ্নমালার সঠিক উত্তর দিয়ে যাবতীয় তথ্য জমা করতে বলা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে রাজ্যের হাজার হাজার কর্মীর পদ ও বেতনের বর্তমান বিন্যাস খতিয়ে দেখে কমিশন তাদের নতুন সুপারিশ তৈরির ভিত্তি স্থাপন করছে।
কমিশনের এই তথ্য সংগ্রহের উদ্যোগকে কেন্দ্র করে রাজ্য সরকারি কর্মচারী ও শিক্ষক সংগঠনের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একপক্ষ এই ব্যবস্থাকে সুনির্দিষ্ট ও আধুনিক বলে স্বাগত জানালেও অন্যপক্ষ তথ্য জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে না দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এই নির্দেশিকায় কর্মীদের বেতন কতটা বাড়বে, মহার্ঘ ভাতা বা অন্যান্য ভাতা সংক্রান্ত ক্ষেত্রে কী কী পরিবর্তন আসবে কিংবা নতুন পর কাঠামো কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে, সে বিষয়ে এখনই কোনো চূড়ান্ত ঘোষণা করা হয়নি। দপ্তরগুলি থেকে সময়মতো তথ্য পৌঁছানোর পরেই কমিশন তাদের পর্যালোচনার পরবর্তী ধাপ শুরু করবে। আপাতত সরকারের এই প্রক্রিয়ার ওপর কৌতূহল নিয়ে নজর রাখছেন রাজ্য প্রশাসনিক মহলের সমস্ত কর্মচারীরা।
