সব ঘোরা তো শেষ, এবার সোজা আন্তর্জাতিক আদালতে যান! মমতাকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের – এবেলা

সব ঘোরা তো শেষ, এবার সোজা আন্তর্জাতিক আদালতে যান! মমতাকে তীব্র কটাক্ষ দিলীপ ঘোষের – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে আন্তর্জাতিক আদালতে যাওয়ার হুমকি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। এবার সেই মন্তব্যকে ঘিরে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা তথা মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কটাক্ষ করে বলেন, ‘সব তো ঘোরা হয়ে গেছে, এবার আপনি রাষ্ট্রসংঘে বা আন্তর্জাতিক কোর্টে যান। ওটাই বাকি আছে। বাকি জীবনটা শুধু কোর্ট আর কোর্ট করেই কাটবে।’ অতীতে আদালত ও আদালতের রায়কে মমতা ব্যানার্জি কখনই সম্মান জানাননি বলে অভিযোগ করে দিলীপবাবু বলেন, রায়ের ফল পক্ষে গেলেই তা মানা হয়, অন্যথায় নয়। পাশাপাশি, কলেজের ভর্তি প্রক্রিয়া ও ছাত্র সংসদ নির্বাচন নিয়ে রাজ্য সরকারকে তুলোধোনা করে তিনি বলেন, একসময় কলেজে অনলাইনের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চালু করতে দেওয়া হয়নি এবং সাবজেক্ট অনুযায়ী রেট বেঁধে টাকা নিয়ে দুর্নীতি চালানো হয়েছিল।

এদিন ক্যামাক স্ট্রিটের রাজনৈতিক সংঘাত ও পুলিশের ভূমিকা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট ভাষায় জানান, পুলিশ নিজের দায়িত্ববোধ থেকেই দৃশ্যদূষণ দূর করার কাজ করছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। পুলিশের ওপর হামলা চালানো ও গুন্ডামি করার সংস্কৃতি এখনও পরিবর্তন হয়নি বলে দাবি করেন তিনি। এছাড়া রাজ্যের ছাত্রসমাজকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি আরও বলেন, ‘দিদির সঙ্গে থাকলেই যে আজীবন ক্ষমতায় থাকা যাবে না, তা তরুণ প্রজন্ম বুঝতে পারছে।’ সাম্প্রতিক নানা রাজনৈতিক তরজাকে কেন্দ্র করে দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *