সম্পর্কে সঙ্গীর নীরবতা: কারণ ও প্রভাব

দাম্পত্য কলহের সময় সঙ্গীর হঠাৎ চুপ করে যাওয়া বা আলোচনা থেকে নিজেকে সরিয়ে নেওয়া সম্পর্কের জন্য ক্ষতিকর হতে পারে। মনোবিজ্ঞানের পরিভাষায় একে ‘ডিমান্ড উইথড্র’ বা ‘স্টোনওয়ালিং’ বলা হয়।
গবেষকরা বলছেন, একজন সঙ্গী যখন সমস্যার সমাধানে চাপ দেন এবং অন্যজন নীরব থাকেন, তখন সমস্যা আরও জটিল হয়। এই আচরণ সঙ্গীর আত্মসম্মান ও মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলে এবং সম্পর্কের সন্তুষ্টি কমায়।
অতিরিক্ত মানসিক চাপে মস্তিষ্ক আবেগ সামলাতে না পারলে, যাকে মনোবিজ্ঞানী জন গটম্যান ‘ফ্লাডিং’ বলেছেন, তখন ব্যক্তি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। গবেষণায় দেখা গেছে, কথোপকথনে আবেগ চেপে রাখলে বা উপেক্ষা করলে সঙ্গীর রক্তচাপ বাড়ার মতো শারীরিক সমস্যাও হতে পারে। তাই এই নীরবতা অনেক সময় মানসিক নির্যাতনের শামিল।
তবে সব নীরবতা ক্ষতিকর নয়। অনেক সময় আবেগ নিয়ন্ত্রণে বা যুক্তি দিয়ে ভাবার জন্য সাময়িক বিরতি প্রয়োজন হয়। ২০১৭ সালের এক গবেষণা অনুযায়ী, পরিস্থিতি থেকে সরে এসে নিরপেক্ষভাবে ভাবলে আবেগের তীব্রতা কমে এবং গঠনমূলক আলোচনার পথ খোলে। এক্ষেত্রে সঙ্গীকে নিজের প্রয়োজনীয়তা স্পষ্ট করে জানানো জরুরি। নিজের মানসিক অবস্থা বোঝালে ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্কের ঘনিষ্ঠতা বজায় থাকে।
