‘সম্মান পেলে অভিষেককে বুকে জড়িয়ে কাজ করতে রাজি!’ যুবরাজের বার্তার পর সুর নরম কল্যাণের – এবেলা

‘সম্মান পেলে অভিষেককে বুকে জড়িয়ে কাজ করতে রাজি!’ যুবরাজের বার্তার পর সুর নরম কল্যাণের – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তৃণমূলের অন্দরে দীর্ঘদিনের ‘নবীন-প্রবীণ’ দ্বন্দ্বের বরফ কি অবশেষে গলতে শুরু করল? তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর এবার উল্টো সুর শোনা গেল শ্রীরামপুরের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। আগের সেই আক্রমণাত্মক মেজাজ বা চরম হুঁশিয়ারি ঝেড়ে ফেলে এবার স্পষ্টতই সুর নরম করলেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রবীণ সাংসদের পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমায় ছোট থেকে বড় করেছেন, ওঁর অধিকার আছে আমায় দুটো কটূ কথা বলার।” যুবরাজের এই সৌজন্য প্রকাশের পরেই শনিবার ভোলবদল হলো কল্যাণের।

পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ স্পষ্ট জানিয়ে দেন, সদিচ্ছা এবং সঠিক সম্মান পেলে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুকে জড়িয়ে একসঙ্গে কাজ করতেও সম্পূর্ণ রাজি।

গত কয়েকদিন ধরে দলের অন্দরে যেভাবে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে শীর্ষ নেতৃত্বের অস্বস্তি বাড়াচ্ছিলেন কল্যাণ, অভিষেকের একটি মাত্র বার্তার পর তাঁর এই নমনীয় মনোভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর ফলে ঘাসফুল শিবিরের অন্দরের আবহাওয়া অনেকটাই হালকা হবে বলে আশা করছেন দলের নিচুতলার কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *