সরকারি আবাসনের নিয়মে বড় বদল, এবার একই আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কেনার সুযোগ দিচ্ছে রাজ্য! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যের সরকারি আবাসনে থাকা পরিবারগুলির জন্য নিয়ম অনেকটাই শিথিল করল আবাসন পর্ষদ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, একই আবাসনে বসবাসকারী আবাসিকরা পরিবারের প্রয়োজনে সুলভ মূল্যে দ্বিতীয় ফ্ল্যাট বুকিং করতে পারবেন। দীর্ঘদিনের লটারি প্রথার পাশাপাশি অবিক্রিত ফ্ল্যাটগুলির ক্ষেত্রে চালু হচ্ছে ‘আগে এলে আগে পাবেন’ নীতি। আবাসনমন্ত্রী দীপক বর্মন জানান, মধ্যবিত্ত পরিবারের বৃদ্ধি পাওয়া সদস্য বা প্রবীণ মা-বাবার বাসস্থানের সুবিধা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সবদিক খতিয়ে দেখে পর্ষদ এই দ্বিতীয় ফ্ল্যাট কেনার অনুমতি দেবে।
অবিক্রিত ফ্ল্যাট হস্তান্তরের পাশাপাশি রাজ্যে আবাসন খাতে বড় ধরনের উন্নয়নমূলক পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে শীঘ্রই সাড়ে তিন হাজার জমির প্লট ও ফ্ল্যাট সাশ্রয়ী মূল্যে বাজারে আনা হবে, পাশাপাশি ‘লিজহোল্ড’ ফ্ল্যাটগুলি নির্দিষ্ট ফি-র বিনিময়ে ব্যক্তিমালিকানায় হস্তান্তরের প্রক্রিয়াতেও গতি আনা হচ্ছে। এছাড়া, বেহালার ঠাকুরপুকুরে একটি মেগা টাউনশিপ নির্মাণ এবং নিউটাউনে স্থগিত প্রকল্পগুলির কাজ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের অধীনস্থ ইটভাটা পুনরুজ্জীবনের মাধ্যমে প্রায় ৬ হাজার নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
