সরকারি নথিতে ‘দত্তক’ পরিচয় উল্লেখের প্রয়োজন নেই, নির্দেশ কেরালা হাইকোর্টের

সরকারি নথিতে ‘দত্তক’ পরিচয় উল্লেখের প্রয়োজন নেই, নির্দেশ কেরালা হাইকোর্টের

সরকারি নথিতে সন্তানকে ‘দত্তক’ হিসেবে আলাদা করে চিহ্নিত করার প্রয়োজন নেই বলে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কেরালা হাইকোর্ট। বিচারপতি পিভি কুনহিকৃষ্ণণ এক রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, ই-ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে দত্তক সন্তানদের জন্য আলাদা বিভাগটি অবিলম্বে তুলে দিতে হবে। আদালত স্পষ্ট করেছে যে, বৈধ উত্তরাধিকার শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে দত্তক সন্তানদের কোনোভাবেই পৃথক শ্রেণিতে ফেলা যাবে না।

এই মামলার সূত্রপাত এক মহিলার আবেদনকে কেন্দ্র করে, যিনি সরকারি নথিতে নিজের পরিচয়ের পাশে ‘দত্তক কন্যা’ শব্দবন্ধটি নিয়ে আপত্তি জানিয়েছিলেন। ১৯৯০ সালে দত্তক নেওয়া ওই মহিলা জানান, তাঁর আধার, পাসপোর্ট ও প্যান কার্ডসহ সমস্ত নথিতে তিনি বাবা-মায়ের সন্তান হিসেবেই পরিচিত। কিন্তু বাবার মৃত্যুর পর তহশিলদারের দেওয়া উত্তরাধিকার শংসাপত্রে তাঁকে ‘দত্তক কন্যাসন্তান’ হিসেবে উল্লেখ করা হয়। আবেদনকারীর দাবি ছিল, এই তকমা অপ্রয়োজনীয় এবং সম্মানহানিকর, যা তাঁকে বিভিন্ন ক্ষেত্রে অবাঞ্ছিত প্রশ্নের মুখে ফেলে।

বিচারপতি কুনহিকৃষ্ণণ তাঁর রায়ে উল্লেখ করেন, দেশের আইন দত্তক সন্তানকে সাধারণ ‘সন্তান’ হিসেবেই স্বীকৃতি দেয়। সমাজও কোনো তকমা ছাড়াই দত্তক সন্তানদের পুত্র বা কন্যা হিসেবে গ্রহণ করে। যদিও ‘দত্তক’ শব্দটিতে কোনো আসাম্মান নেই, তবুও সরকারি নথিতে এই শব্দ এড়িয়ে চলাই শ্রেয়। আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই মহিলার জন্য নতুন করে শুধুমাত্র ‘কন্যা’ হিসেবে উল্লেখ করা শংসাপত্র ইস্যু করার নির্দেশ দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *