সরকার বদলাতেই ঘুরে গেল ভাগ্যের চাকা! রেলের ১৭টি থমকে থাকা প্রকল্পে আসছে বড় পরিবর্তন! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই একাধিক থমকে থাকা রেল প্রকল্পে নতুন গতি এসেছে। দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ ও প্রশাসনিক সহযোগিতার অভাবে যে ১৭টি রেললাইন প্রকল্পের কাজ আটকে ছিল, তাতে এবার প্রাণপ্রতিষ্ঠা হতে চলেছে। সম্প্রতি সংসদের এক লিখিত জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন। এই প্রকল্পের আওতায় রয়েছে মোট ৪২৩ কিলোমিটার দীর্ঘ রেললাইন, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিতে প্রস্তুত।
তালিকাভুক্ত নতুন রেললাইনগুলির মধ্যে প্রান্তিক-সিউড়ি, কাঁথি-এগরা, নন্দীগ্রাম-কান্দিয়ামারী, বাঁকুড়া-পুরুলিয়া এবং রায়গঞ্জ-ইটাহারের মতো গুরুত্বপূর্ণ রুটগুলি অন্তর্ভুক্ত রয়েছে। রেল মন্ত্রক সূত্রে খবর, রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতা কাটায় এই সমস্ত অঞ্চলের মানুষ দীর্ঘদিন পর রেল যোগাযোগের সুবিধা পেতে চলেছেন। স্থানীয় সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ ও দ্রুত করার লক্ষ্যেই এই মেগা প্রকল্পগুলিতে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।
